অতুল প্রসাদের ম্যুরাল উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী নূর
‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’—এমন কালজয়ী গানের সুরকার ও গীতিকার অতুল প্রসাদ সেনের পিতৃনিবাস শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে। সেখানে পঞ্চপল্লী গুরুরাম উচ্চবিদ্যালয়ের মাঠে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গতকাল শুক্রবার দুপুরে অতুল প্রসাদ সেনের একটি ম্যুরাল উদ্বোধন করেন।
মন্ত্রী ঘোষণা দেন, এখন থেকে প্রতিবছর অতুল প্রসাদ সেনের জন্মবার্ষিকীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে মগর গ্রামে অতুল মেলার আয়োজন করা হবে। তিনি আরও বলেন, রাজনীতির নামে, ধর্মের নামে যাঁরা মানুষ পুড়িয়ে মারেন, তাঁদের মোকাবিলা শুধু রাজনীতি দিয়ে হবে না। এ জন্য আলোকিত মানুষ হতে হবে। আর আলোকিত মানুষ হতে নতুন প্রজন্মকে অতুল প্রসাদ সেনের মতো গুণীদের সম্পর্কে জানতে হবে।
জেলা প্রশাসক রামচন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ শওকত আলী, সাংসদ নাহিম রাজ্জাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সি ও সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।
১৮৭১ সালের ২০ অক্টোবর অতুল প্রসাদ সেন জন্মগ্রহণ করেন। আর ১৯৩৪ সালের ২৬ আগস্ট পরলোকগমন করেন। মগর গ্রামে তিনি ১৯২৭ সালে জ্যাঠা গুরু প্রসাদ সেন ও বাবা রাম প্রসাদ সেনের নামে পঞ্চপল্লী গুরুরাম উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
উচ্চবিদ্যালয়টির প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে অতুল প্রসাদ সেনের কিছু বই ও একটি ছবি আছে। জেলা প্রশাসক রামচন্দ্র দাসের উদ্যোগে বিদ্যালয়ের মাঠে তাঁর এই ম্যুরাল নির্মাণ করা হয়েছে।
জেলা প্রশাসক রামচন্দ্র দাস বলেন, মন্ত্রীর ঘোষণা অনুযায়ী অতুল মেলার উদ্যোগ ত্বরান্বিত করবে জেলা প্রশাসন।