অত্যধিক গরমে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুগাড়িতে গতকাল বৃহস্পতিবার সকালে অত্যধিক গরমে (হিটস্ট্রোকে) সজীব হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে কচুগাড়ি ফকিরবাড়ি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও খাকড়াদহ পূর্বকান্দি গ্রামের আবদুল হাকিমের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সজীব কচুগাড়ি ফকিরবাড়ি উচ্চবিদ্যালয়ে একটি হলরুমে বন্ধুদের সঙ্গে দেশাত্মবোধক গান গাইছিল। এ সময় হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে শিক্ষকেরা তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন হোসেন বলেন, ‘সকাল থেকে রোদের উত্তাপ বেশি ছিল। তা ছাড়া সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। তবে আমাদের কাছে অসুস্থতার বিষয়টি সে জানায়নি।’
আবদুল হাকিম বলেন, তাঁর ছেলে শারীরিকভাবে অসুস্থ ছিল না।
পল্লী চিকিৎসক লুৎফর রহমান বলেন, অত্যধিক গরমের কারণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।