অত্যাধুনিক এক্স-রে যন্ত্র পড়েই থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক এক্স-রে যন্ত্র রয়েছে। রয়েছে দক্ষ টেকনিশিয়ান। হাসপাতালের ভেতরে রয়েছে শীততাপনিয়ন্ত্রিত ছিমছাম এক্স-রে বিভাগ। কিন্তু এখানে রোগী আসে না। রোগীরা যায় আশপাশের বিভিন্ন রোগনির্ণয় কেন্দ্রে।হাসপাতালের চিকিৎসকেরাও পরামর্শ দেন বাইরে থেকে এক্স-রে করানোর জন্য। হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ানেরও তাই কোনো কাজ নেই। এই চিত্র দীর্ঘদিনের।এক্স-রে বিভাগের টেকনিশিয়ান মোস্তাফিজুর রহমান জানান, প্রতিমাসে ২০ থেকে ২৫ জন রোগী আসে। তাই সারা দিন অলস সময় কাটান। তিনি আরও জানান, বাইরের সেন্টারগুলোয় মাত্র ৫০ এমএম মেশিনে এক্স-রে করা হয়। আর হাসপাতালের মেশিনটি অত্যাধুনিক ৩০০ এমএমের। হাসপাতালে খরচ মাত্র ৮০ টাকা, কিন্তু বাইরে ১৫০ টাকা। এ ছাড়া দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে এক্স-রে করার সুবিধাও আছে। কয়েকজন রোগী জানান, এক্স-রে-সুবিধার বিষয়টি তাঁরা জানেন না। চিকিৎসকেরা বাইরে থেকে এক্স-রে করার পরামর্শ দেওয়ায় তাঁরা তা-ই করতে বাধ্য হন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ওমর ফারুক বলেন, হাসপাতালের এক্স-রে যন্ত্র থেকে স্পষ্ট ছবি পাওয়া যায় না। তাই রোগীদের স্বার্থে বাইরে থেকে এক্স-রে করাতে পরামর্শ দেওয়া হয়। বিষয়টি স্বীকার করে মোস্তাফিজুর রহমান জানান, যন্ত্রটির ফিল্ম কেসের স্ক্রিনসহ পরস্ফুিটনের রাসায়নিক দ্রব্যগুলো নিম্নমানের থাকায় অস্পষ্ট ছবি হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি।বরগুনার সিভিল সার্জন জহিরুল ইসলাম বলেন, ছবির কারণে রোগী কম আসে—এটা ঠিক নয়। রাসায়নিক দ্রব্যগুলো নিম্নমানের—এ কথা স্বীকার করে তিনি বলেন, টেন্ডারের মাধ্যমে ঠিকাদার এগুলো সরবরাহ করেন। তাই সেগুলোর মান যথাযথ হচ্ছে না। এ ব্যাপারে তাঁদের কিছু করার নেই।