অত্যাধুনিক কৃষি উপকরণ নিয়ে মাঠে নামবে ৩০ হাজার নারী
অত্যাধুনিক কৃষি উপকরণ নিয়ে ৩০ হাজার নারী মাঠে নামবে। কৃষিতে প্রশিক্ষণ পাওয়ার পর এই নারীরা নিজেরাই ফসল উৎপাদন করবে।
বাজারে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপই সম্পন্ন করবে নারীরা। মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডি এবং উইনরক ইন্টারন্যাশনালের ‘ফিড দা ফিউচার বাংলাদেশ উইম্যান’স এমপাওয়ারম্যান্ট অ্যাকটিভিটি’ নামে একটি নতুন প্রকল্পের আওতায় দেশের পাঁচটি জেলার নারীরা এই ধরনের সুযোগ পেতে যাচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মঙ্গলদীপ জ্বালানোর মধ্য দিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং ইউএসএআইডির ইকোনমিক গ্রোথ অফিসের পরিচালক রামানা এলহামজাউই। ইউএসএআইডির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও এ বিষয়ে গবেষণা করার ওপর জোর দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় ৩ বছরে খুলনা, যশোর, বরিশাল, বরগুনা ও পটুয়াখালীর শুধু নারীরা নন, ৭ হাজার ৫০০ পুরুষও নেতৃত্ব উন্নয়ন, সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা বৃদ্ধি, দৈনিক সময় ব্যবহারের সন্তুষ্টি বৃদ্ধির প্রশিক্ষণ পাবে। প্রকল্পের আওতায় নারীরÿক্ষমতায়নে সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ানোর বিষয়টিতে জোর দেওয়া হবে।
ফিড দি ফিউচার বাংলাদেশ উইমেন্স এমপাওয়ারম্যান্ট অ্যাকটিভিটির ডেপুটি চিফ নিলুফার সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনালের পরিচালক মারথা সালডিনজার, ফিড দি ফিউচার বাংলাদেশের চিফ অফ পার্টি জায়নব আক্তার, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম প্রমুখ।