অথচ এখনো তিনি এ কেন্দ্রে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রাম বিভাগীয় দপ্তরে বদলি হয়েছেন প্রায় তিন মাস আগে। অথচ এখনো তিনি এ কেন্দ্রের চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি একজন নতুন চিকিৎসক এ স্বাস্থ্যকেন্দ্রে যোগদান করেছেন। বর্তমানে দুজন চিকিৎসক একই কেন্দ্রের পরিচয় দেওয়ায় স্থানীয় সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়েছেন। এলাকাবাসী এ বিষয়ে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ করেছেন।এলাকাবাসীর অভিযোগে জানা যায়, জাহাঙ্গীর আলম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। এ অবস্থায় তাঁকে চট্টগ্রাম বিভাগীয় দপ্তরে বদলি করা হয় গত ১১ জুলাই। তাঁর স্থলাভিষিক্ত হন কামরুল ইসলাম খান। তিনি ১২ সেপ্টেম্বর এ উপকেন্দ্রে যোগদান করেন।তাঁর যোগদানের পর চিকিৎসক জাহাঙ্গীর আলম স্বাস্থ্যকেন্দ্রের সামনে একটি ঘর ভাড়া নিয়ে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছেন দিনরাত। তাঁর চেম্বারে যে সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে, তাতে তিনি নিজেকে ইনাতগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক পরিচয় দিচ্ছেন। পাশাপাশি তাঁর চিকিৎসা ব্যবস্থাপত্রে একই পদবি ব্যবহার করা হচ্ছে। এলাকার লোকজন জানান, এখনো তিনি নিজেকেই এ উপকেন্দ্রের চিকিৎসক দাবি করছেন।নবীগঞ্জের দীঘিরপাড় গ্রামের আবদুস শহীদ বলেন, ‘আমরা হবিগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানতে পেরেছি, জাহাঙ্গীর বর্তমানে এ কেন্দ্রের চিকিৎসক নন। তাঁকে বদলি করা হয়েছে। তবে বর্তমানে দুজন চিকিৎসক একই দাবি করায় আমরা বিভ্রান্ত হচ্ছি।’ বাউরকাপ গ্রামের ফজলুল হক বলেন, জাহাঙ্গীর অন্যত্র বদলি হয়ে কী করে ইনাতগঞ্জে অবস্থান করে রোগী দেখেন, তা আমরা বুঝে উঠতে পারছি না। এমনকি তিনি দিনরাত তাঁর চেম্বারে রোগী দেখছেন।’এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাকে চট্টগ্রাম বদলি করা হয় এ কেন্দ্রে যোগদানের মাত্র ২০ দিনের মাথায়। এর প্রতিবাদ জানালে আমাকে হবিগঞ্জে যোগদানের কথা বলা হয় বিভাগীয় দপ্তর থেকে। সেখানে আমি যোগদান না করে বলেছি পুনরায় ইনাতগঞ্জ কেন্দ্রে দেওয়ার জন্য। নইলে আমি এ চাকরি ছেড়ে দেব। যে কারণে কোনো সুরাহা হয়নি এখনো।’ আপাতত এভাবেই আছেন বলে জানান তিনি । এ বিষয়ে হবিগঞ্জ সিভিল সার্জন অফিসে যোগাযোগ করা হলে সিভিল সার্জন শফিকুর রহমান চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমকে বদলি করা হয় চট্টগ্রামে। তিনি সেখানে যোগদান করেননি তা সত্য। এ বিষয়ে এলাকাবাসীর একটি অভিযোগ তিনি পেয়েছেন। এ অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন।