অদক্ষতা দুর্নীতি ডোবাল আ.লীগ প্রার্থীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগ, স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা না করা এবং সাংগঠনিক অদক্ষতার কারণে ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনের আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম পরাজিত হয়েছেন বলে স্থানীয় লোকজন এবং দলের অনেক নেতা-কর্মী মনে করছেন।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী বলেন, সাংসদ নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছরে শফিকুল ইসলামের কর্মকাণ্ডে দলের মাঠপর্যায়ের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। নির্বাচনে তারই বহিঃপ্রকাশ ঘটেছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে শফিকুল ইসলামের সঙ্গে আরও দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৬৭ হাজার ৯৮৪টি ভোট পেয়ে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী। শফিকুল ইসলাম পেয়েছেন ৫১ হাজার ২৪৪টি ভোট। বিএনএফ-সমর্থিত প্রার্থী মোমিনুল ইসলাম পান ৯৬৯টি ভোট।
আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঝিনাইদহ-২ আসনটি জেলার মধ্যে গুরুত্বপূর্ণ। এই আসনে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। ২০০৮ সালে এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সাবেক সাংসদ আবদুল মজিদের ছেলে শফিকুল ইসলাম। ওই নির্বাচনে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা একত্র হয়ে কাজ করায় শফিকুল ইসলাম জয়লাভ করেন। নির্বাচিত হওয়ার পর থেকে শফিকুল ইসলাম নেতা-কর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে থাকেন। দলের নেতারা প্রয়োজনে সাংসদের কাছে গিয়ে কোনো সহযোগিতা পাননি। এ ছাড়া তাঁর অনুসারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। যে কারণে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের স্থানীয় নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিতে বাধ্য হয়েছেন। এই অপরাধে জেলা আওয়ামী লীগের ছয়জন নেতাকে বহিষ্কারও হতে হয়েছে।
দলের স্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শফিকুল ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন তাঁর অনুসারীরা। সাংসদের নাম ব্যবহার করে তাঁরা স্থানীয় পর্যায়ে অত্যাচার-নির্যাতন করেছেন। মানুষকে নানাভাবে হয়রানি করে তাঁরা অর্থ উপার্জন করেছেন। এসব ব্যাপারে সাংসদকে বারবার বলেও কোনো প্রতিকার হয়নি। যে কারণে সাধারণ মানুষ সাংসদের ওপর ক্ষুব্ধ হয়ে পড়েন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান বলেন, শফিকুল ইসলাম সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দলের নেতা-কর্মীদের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল না। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আছে। যে কারণে মাঠপর্যায়ের কর্মী-সমর্থকেরা তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল সোমবার শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করে সেটি বন্ধ পাওয়া গেছে।