বরগুনার পাথরঘাটার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রে অদক্ষতা ও অব্যবস্থাপনার দায়ে এক কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার সব দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ওই পরিদর্শক হলেন কাঁঠালতলি সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের স্কুল শাখার এমপিওভুক্ত শিক্ষক তাসলিমা বেগম।
গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কক্ষ পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন পাথরঘাটার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন। ইউএনও ওই দিন দুপুরে প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের লেমুয়া মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলছিল। এ সময় ওই কেন্দ্রের ১০ নম্বর কক্ষ পরিদর্শনে যান ইউএনও ইকবাল হোসেন। তিনি ওই কক্ষে গিয়ে দেখেন, কক্ষ পরিদর্শক তাসলিমা বেগম যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না। এ ঘটনায় কক্ষ পরিদর্শকের অদক্ষতা ও অব্যবস্থাপনার দায়ে তাসলিমা বেগমকে বহিষ্কারসহ আগামী সব পরীক্ষায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানতে চাইলে সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের হল সুপার ইফতেখার রাসূল বলেন, বহিষ্কার নয়, ওই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ আলমগীর বলেন, ‘স্কুল শাখার কেউ এইচএসসি পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারেন না। ওই শিক্ষককে কারা কক্ষ পরিদর্শকের দায়িত্ব দিলেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’