অদম্য এক পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অস্ত্রোপচারের মাধ্যমে মা হওয়ার পর ১১ ঘণ্টার শিশুকে হাসপাতালে রেখে পরীক্ষাকেন্দ্রে গিয়ে তিন ঘণ্টাই পরীক্ষা দিয়েছে৷ গতকাল রোববার সকাল ১০টায় কৃষিশিক্ষা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেওয়া ওই পরীক্ষার্থীর নাম লাকী আক্তার। সে সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী হিসেবে সখীপুর
মুজিব কলেজকেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
লাকী আক্তারের মা ছালেহা বেগম জানান, চিকিৎসক ‘আল্ট্রাসনোগ্রাফির’ প্রতিবেদন দেখে ২১ জুন বাচ্চা প্রসবের তারিখ দিয়েছিলেন। গত শনিবার রাতে ব্যথা অনুভব করায় চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা-নীরিক্ষার পর রাত ১১টার দিকে জরুরি ভিত্তিতে সিজারিয়ান অস্ত্রোপচার করা হলে সে একটি পুত্রসন্তানের জন্ম দেয়৷ এর ১১ ঘণ্টা পরেই তার পরীক্ষা। কীভাবে সে পরীক্ষায় অংশ নেবে তা নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। রাত তিনটার দিকে জ্ঞান ফিরলে লাকী পরীক্ষা দেবে বলে জানিয়ে আবার ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে নয়টার দিকে লাকী সিএনজিচালিত অটোরিকশায় করে ক্লিনিক থেকে দুই কিলোমিটার দূরে মুজিব কলেজকেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেয়। লাকীর স্বামী েসালায়মান কবির দুবাইপ্রবাসী।
সখীপুর শুভেচ্ছা ক্লিনিকের চিকিৎসক ও অস্ত্রোপচারকারী দলের অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, ‘অপারেশনের পর অন্তত ২৪ ঘণ্টা আমরা রোগীকে পর্যবেক্ষণে রাখি। লাকী খুবই সাহসী ও আত্মপ্রত্যয়ী মেয়ে। সে পেরেছে, অনেকে দুই-তিন দিন বিছানা থেকে উঠতেই পারে না।’
গতকাল পরীক্ষা শেষ করে লাকী প্রথম আলোকে বলে, ‘প্রথম চিন্তা করেছিলাম কিছু লিখে চলে আসব। কিন্তু পরে আমার কোনো অসুবিধা হয়নি, তবে পরীক্ষা চলাকালীন ব্যথা অনুভব করেছি, কিন্তু পাত্তা দিইনি। সব প্রশ্নের উত্তর করেছি। মাঝে মাঝে খবর নিয়েছি, আমার বাচ্চাটা ভালো আছে।’
মুজিব কলেজকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিক লাল ভৌমিক বলেন, ‘মেয়েটির অসুবিধার কথা ভেবে আলাদা কক্ষ বরাদ্দ দিয়েছিলাম। সে পুরো সময় পরীক্ষা দিয়েছে।