অদম্য ফারুকের পাঠশালা
দেড় বছর বয়সে পোলিও রোগ হয় ফারুক আহম্মেদের। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হলেও পা দুটি অবশ হয়ে যায়। এখন হুইলচেয়ারে পথ চলেন। তাঁর জীবনের গল্পটা এখানে থমকে যেতে পারত। কিন্তু প্রতিকূলতা পেছনে ফেলে স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন তিনি।
ফারুক ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে বাড়ির আঙিনায় শিশুদের জন্য একটি পাঠশালা পরিচালনা করেন। নাম এম আর শিক্ষা সংবাদ বিদ্যালয়। এখানে প্লে ও প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে ৫০টি শিশু।
ফারুক আহম্মেদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সাধুপাড়া গ্রামে। তাঁর মা মাজেদা খাতুন এবং বাবা প্রয়াত আবদুর রহমান। গত বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, তিনি শ্রেণিকক্ষে বসে বসেই শিশুদের পড়াচ্ছেন। পা টেনে টেনে চলতে কষ্ট হলেও মুখে ক্লান্তির ছাপ নেই।
ফারুক তাঁর জীবনের গল্প ও স্বপ্নের কথা জানান। বলেন, সাধুপাড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের একটি মাদ্রাসায় শুরু হয় তাঁর শিক্ষাজীবন। কখনো ভ্যানে, কখনো পরিবারের সহযোগিতায় মাদ্রাসায় যেতেন। সহপাঠীরা মাঝে মাঝে তাঁর পঙ্গুত্ব নিয়ে ব্যঙ্গ করতেন। এরপরও সবকিছু পেছনে ফেলে মনে সব সময় লালন করতেন স্বপ্ন—একদিন সরকারি কর্মকর্তা হবেন। তারপর নিজের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের জন্য কিছু করবেন।
ফারুক আহম্মেদ বলেন, তিনি সাধুপাড়া দাখিল মাদ্রাসা থেকে ২০০৪ সালে দাখিল পাস করেন। এরপর বাড়ি থেকে এক কিলোমিটার দূরের এন ইসলামিয়া একাডেমি থেকে ২০০৬ সালে এইচএসসি পাস করেন। পরে বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরের ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হন। বসে বসে পথ চলার কারণে প্রায়ই ভিড় ঠেলে বাসে উঠতে পারতেন না। বাস তাঁকে ফেলে চলে যেত। তবে দমে যেতেন না। টেম্পো বা ভ্যানে করে পৌঁছে যেতেন ময়মনসিংহ শহরে। সেখানে রিকশাচালকেরা তাঁকে কোলে করে তুলে দিতেন রিকশায়। তারপর কলেজে।
২০১৪ সালে ফারুকের স্নাতকোত্তর শেষ হয়। পান দ্বিতীয় শ্রেণি। শুরু করেন সরকারি চাকরির চেষ্টা। স্বপ্ন বিসিএস পরীক্ষায় পাস করে কর্মকর্তা হওয়ার। ৩৪তম বিসিএস পরীক্ষায় আবেদন করলেও শারীরিক সমস্যার কারণে পরীক্ষা দিতে পারেননি। ৩৫তম ও ৩৬তম বিসিএস পরীক্ষায় অংশ নিলেও এখনো সফলতা ধরা দেয়নি। রাজধানীর ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম কে বাশারের সহযোগিতায় বাড়ির আঙিনায় খুলেছেন একটি পাঠশালা। এ বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে পাঠদান। নেওয়া হয় নামমাত্র বেতন। হতদরিদ্র পরিবারের শিশুরা পড়ে বিনা মূল্যে।
ফারুক আহম্মেদ বলেন, ‘সরকারি চাকরি পাওয়ার আশা এখনো ছাড়িনি। একটা চাকরি পেলে আমার প্রতিষ্ঠানটিকে আরও বড় করব। পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের জন্য কিছু একটা করা আমার সবচেয়ে বড় স্বপ্ন।’
সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন বলেন, ‘ফারুক আহম্মেদের স্কুল করার বিষয়টি জানি। আমি তাঁর সাফল্য কামনা করি।’