অদম্য বাংলাদেশের শপথ
সমাজের কাছে এরা পথশিশু। কিন্তু সেই পথশিশুদের নাচ-গান মুগ্ধ করল বড়দের। আর এই শিশুদের যাঁরা লেখাপড়া শেখাচ্ছেন অদম্য বাংলাদেশের স্বেচ্ছাসেবকেরা বললেন, পুরো দেশ পথশিশুমুক্ত না হওয়া পর্যন্ত তাঁরা কাজ বন্ধ করবেন না।
পথশিশুদের লেখাপড়ার জন্য করা ‘মজার ইশকুল’-এর তিন বছর পূর্তিতে গতকাল বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা থেকে শুরু করে নানা
শ্রেণি-পেশার মানুষ মজার ইশকুল ও অদম্য বাংলাদেশের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ স্বেচ্ছাসেবীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ যেমন অদম্য, তোমরা যারা পথশিশুদের জন্য কাজ করছ তারাও তেমনি অদম্য। কোনো ধরনের সমর্থন ছাড়া নিজের স্বার্থ ত্যাগ করে তোমরা যে কাজ করেছ, সেটা বিশাল কাজ। তোমাদের মতো কয়েক হাজার ছেলেমেয়ে থাকলেই বাংলাদেশ বদলে যাবে। আমরা তোমাদের সঙ্গে আছি।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার বলেন, ‘সরকারি চাকরি করি বলে নানা ধরনের অনুষ্ঠানে যেতে হয়। কিন্তু এমন আনন্দময় অনুষ্ঠানের কথা আজীবন মনে থাকবে। একদিন এই বাংলাদেশ পথশিশুমুক্ত হবে, সেই স্বপ্ন দেখি আমরা।