অদম্য মেধাবী ভাস্কর ফিরে যেতে চায় বিদ্যাপীঠে
ভাস্কর বাগচীর বাবা অশোক বাগচী কথা বলার সময় তাঁর চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল আর বলছিলেন ছেলের কথা। ভাস্কর বাগচীর মুখে এখন যেন আর হাসি নেই। এসএসসিতে জিপিএ-৫ পেয়ে সবার মুখে বিজয়ের হাসি ছড়িয়ে দিলেও সেই আনন্দ যেন হারিয়ে গেছে। দুটি কিডনি নষ্ট হওয়ায় এখন সে পুরোপুরি শয্যাশায়ী। গত বছরের এসএসসি পরীক্ষায় রংপুরের পুলিশ লাইন স্কুল ও কলেজ থেকে বাণিজ্য বিভাগে চতুর্থ বিষয়সহ সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ভাস্কর। অদম্য মেধাবী হিসেবে প্রথম আলোর পক্ষ থেকে ঢাকায় তাকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। অসুস্থ শরীর নিয়ে রংপুর থেকে সে ছুটে এসেছিল ঢাকায়। বাবার ঘাড়ে চড়ে মঞ্চে উঠে বক্তৃতাও করেছে সে। সেই মঞ্চে ভাস্কর বলেছিল, ‘আমি সুস্থ হয়ে আবারও ভালো ফলাফল করব।’ ভাস্কর চার বছর ধরে কিডনির যন্ত্রণায় ছটফট করছে। শুয়ে-বসে পড়াশোনা চালিয়েই গেছে। মা-বাবা তার পেছনে চিকিত্সা করাতে নিঃস্ব হয়ে পড়েছেন। এর পরেও অসুস্থ শরীর নিয়ে ভাস্কর ওরফে জয় কিন্তু ঠিকই জয় করেছে। পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব রেখেছে। বর্তমানে এই মেধাবীর অবস্থা শোচনীয়। চিকিত্সকেরা জানিয়ে দিয়েছেন যে খুব শিগগির তার কিডনি সংযোজন করতে হবে। রক্তের গ্রুপের সঙ্গে মিল রেখে কিডনি মিলেছে তার মায়ের। মা চন্দনা বাগচী ছেলেকে বাঁচিয়ে তুলতে কিডনি দিতে প্রস্তুত। কিন্তু কিডনি স্থানান্তরের খরচ মেটাতে পারছেন না বলে বড় অসহায় হয়ে পড়েছেন বাবা-মা।ভাস্করের মা চন্দনা বাগচী এখন শুধুই চোখের জল মুছে চলেছেন। বাবা অশোক বাগচী বললেন, ‘পরীক্ষার আগে চিকিত্সার জন্য তাঁকে ভারতে যেতে হয়েছে একাধিকবার। আমার ছোট্ট ব্যবসার পুঁজিও শেষের দিকে। কিডনি স্থানান্তরের আনুমানিক সাত লাখ টাকা মিলবে কীভাবে এ নিয়ে বড়ই দুশ্চিন্তায় পড়েছি।’ পুলিশ লাইন স্কুল ও কলেজের অধ্যক্ষ সোলায়মান আলী বলেন, ‘ভাস্করের জন্য কষ্ট লাগে। ও সুস্থ হয়ে উঠুক, এ কামনাই করছি।’ ভাস্কর এখন পুরোপুরি শয্যাশাযী। বিছানায় শুয়ে-বসে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তাকিয়ে আছে দেশের হূদয়বান মানুষের দিকে। তারা পাশে এসে দাঁড়ালে সুস্থ হয়ে উঠবে ভাস্কর। আবার ছুটে যাবে প্রিয় বিদ্যাপীঠে। সাহায্য পাঠানোর ঠিকানা: ভাস্কর বাগচী, সঞ্চয়ী হিসাব নম্বর-১১৪১৯, উত্তরা ব্যাংক, রংপুর শাখা, রংপুর।