অদম্য মেধাবীকে শিক্ষাবৃত্তি প্রদান জেলা প্রশাসকের
পঞ্চগড় জেলা প্রশাসকের ব্যক্তিগত তহবিল থেকে অদম্য মেধাবী মাহফুজা আক্তারকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁকে বৃত্তির ১০ হাজার টাকা দেওয়া হয়।
মাহফুজা জেলার সাকোয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করছে। তার বাবার নাম মজাহারুল ইসলাম। মাহফুজাকে নিয়ে গত ৭ জুন প্রথম আলোয় ‘হার না মানা সংগ্রাম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) গিয়াসউদ্দিন আহ্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শামছুল আজম ও সিভিল সার্জন আহাদ আলী। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম আলো অনলাইনের কানাডাপ্রবাসী এক নারী পাঠক মাহফুজাকে আর্থিক সহায়তা প্রদান করেন।