অদম্য মেধাবীদের স্বপ্ন পূরণের অভিজ্ঞতা

ওরা ৮৫ জন। এসেছে সারা দেশ থেকে। ওরা সবাই অদম্য মেধাবী। এদের ৫০ জন এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এই পরিবারের সদস্য হয়েছে। বেসরকারি ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্ট আগামী দুই বছরের জন্য তাদের শিক্ষা খরচের দায়িত্ব নিয়েছে। ৩০ জন দুই বছর আগে এমন একটা অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছিল। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সৈয়দ ফজলে এলাহীর অর্থায়নে ৫ জন বৃত্তি পেয়েছে।
এদের সবাইকে একত্রে করা হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারের সিএ ভবনের মিলনায়তনে। এদের সংবর্ধনা জানানোর জন্য হাজির হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, কিশোর আলো’র সম্পাদক আনিসুল হক, গায়ক এস আই টুটুল, মাহমুদুজ্জামান বাবু, অভিনেতা চঞ্চল চৌধুরী প্রমুখ। এতগুলো স্বপ্নের মানুষকে সামনে পেয়ে অভিভূত হয়ে পড়েন দূর-দূরান্ত থেকে আসা অদম্য মেধাবীরা। কয়েকজন তুলে ধরেছে তদের অনুভূতি।
সাবানা আক্তারী, ফরিদপুর

আমি ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ‘প্রথম আলো’র সংস্পর্শ অর্জন করতে পেরেছি। যে সময় আমার পড়ালেখা প্রায় বন্ধের উপক্রম সেই মুহূর্তে আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে ‘প্রথম আলো’ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেই থেকে আমি ভালোভাবে পড়ালেখা করে ২০১৫ সালে এইচএসসিতে বরাবরের মতো ভালো ফলাফল করতে পেরেছি। এরই প্রেক্ষাপটে আজ আমি ‘প্রথম আলো’র সংবর্ধনায় আসতে পেরেছি। যে স্বপ্ন দেখেছিলাম দু’চোখে সে স্বপ্ন হয়তো বা স্বপ্নই থেকে যেত কিন্তু ‘প্রথম আলো’র সহযোগিতায় আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি।
এই সংবর্ধনায় আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এখানে এসে আমি যে মানুষগুলোকে নিজের অতি নিকটে দেখলাম তাতে আমি মহা আনন্দিত। সকলে আমার জন্য দোয়া করবেন।
মারিয়া কবির, জয়পুরহাট

আমি অদম্য মারিয়া কবির। আমার নামের পূর্বে ‘অদম্য’ শব্দটি যেমন ভালো লাগে। এর চেয়েও হাজার গুন বেশি ভালো লাগে ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট’ অদম্য মেধাবী সংবর্ধনা অনুষ্ঠান। আমি অদম্য। আমার মাঝে যে প্রতিভা আছে সেটা আমার অজানা ছিল। প্রথম আলো আমার এই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলেছে। এই অনুষ্ঠান আমার জীবনকে অন্ধকার থেকে আলোতে আনতে সহযোগিতা করেছে। আমি অনেক অনেক আনন্দিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রত্যেকটি কথা আমি আমার মনের সাদা খাতায় লিখে রেখেছি। প্রত্যেকটি শব্দ আমাকে নতুন কিছু করার, নতুন স্বপ্ন বুনতে অনুপ্রেরণা জাগাবে। এমনকি আমি আমাকে নতুনভাবে চিনতে শিখেছি, জানতে শিখেছি। অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য ও সাহস জোগানোর জন্য।
মৃদুল হাসান, ঢাকা

প্রথমেই শুভেচ্ছা জানাই প্রথম আলো ট্রাস্ট ও ব্র্যাক ব্যাংকের সকল ব্যক্তিকে যাদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফলে আমরা আজকের এই দিনে একটি সুন্দর ও মনোরম অনুষ্ঠান উপভোগ করতে পেরেছি। অনুষ্ঠানটি আজকে যে সকল অদম্য মেধাবীদের জন্য উৎসর্গ করা হয়েছে তাদের অদম্য স্পৃহাকে আরও বাড়িয়ে তোলার জন্য। অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন এবং আরও অনেকে। তাদের উপস্থিতিতে এবং সকল গুণীজনের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করে সত্যিই খুবই ভালো লাগছে। এ ছাড়া শুরু থেকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের ফলে অনুষ্ঠানটি আরও জাঁকজমকপূর্ণ হয়েছে। অভিনেতা চঞ্চল চৌধুরী এবং বাংলাদেশের বিশিষ্ট শিল্পী এসআই টুটুলকে দেখতে পাওয়া যেন অনুষ্ঠানটিকে একটি উচ্চমাত্রার আনন্দ নিয়ে দাঁড় করিয়েছে। এ রকম একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
হুমায়রা হারুন, বগুড়া

এই ‘প্রথম আলো’র পক্ষ থেকে আয়োজিত অদম্য মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত। এ রকম একটি অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ প্রদানের জন্য ‘প্রথম আলো’ এবং ‘ব্র্যাক ব্যাংক’কে অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে না আসলে বাংলাদেশের এত গুণী ব্যক্তিদের সাক্ষাৎ পেতাম না। আজকের দিনটি আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটি কথা হল ‘পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি’ তা আজ আমার কাছে বাস্তবে ধরা দিয়েছে। আমি ধন্য।