অদম্য মেধাবীরা পাল্টে দিতে পারেন পৃথিবীকে
নীলফামারীর মাসুদ রানা। তাঁদের বসতবাড়ি নেই। অন্যের জমিতে থাকেন। মা অন্যের বাড়িতে কাজ করেন। দাদা স্বপ্ন দেখতেন নাতি চিকিৎসক হবে। মাসুদ রানা সে স্বপ্ন পূরণ করতে চলেছেন। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়ছেন।
মাসুদ রানার স্বপ্নপূরণে এগিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্ট। এইচএসসি থেকে এ পর্যন্ত তিনি পেয়েছেন শিক্ষাবৃত্তি।
আজ বুধবার ব্র্যাক ব্যাংক প্রথম আলো ট্রাস্ট-অদম্য মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে এসে মাসুদ রানা শোনান তাঁর জীবনের গল্প। এ অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির আওতায় চলতি বছরে এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অক্ষুণ্ন রাখায় ২৩ জনকে মেডেল ও উচ্চশিক্ষায় বৃত্তি দেওয়া হয়। স্নাতক সম্পন্ন করার ১২ জন অদম্য মেধাবীকে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া চলতি বছরে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫০ জনসহ মোট ৮৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়। এঁদের মধ্যে কয়েকজন পরীক্ষা বা অন্যান্য কারণে অনুপস্থিত ছিলেন।
কারওয়ান বাজারের সিএ ভবনের মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান অদম্য মেধাবী শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের মুখের হাসিতে ঝলমল করতে থাকে। সমাজের আলোকিত ব্যক্তিদের হাত থেকে সম্মাননা নেওয়া ও বক্তব্য শোনা এবং তাঁদের সঙ্গে ছবি তোলার সুযোগ আনন্দিত করেছে সবাইকে।
অনুষ্ঠানের শুরুতেই ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি পরিবেশন করেন তিন ভাইবোন—স্বাগতা, সভ্যতা ও সন্ধি। ‘জাদুর শহর’ গানটি পরিবেশন করে ভিকারুননিসা নূন স্কুলের দশম শ্রেণির ১৬ জন শিক্ষার্থীর একটি দল। ব্র্যাকের কার্যক্রম এবং কলসিন্দুরের তাসলিমা, মারিয়া, সানজিদাদের ফুটবল খেলায় এগিয়ে চলা নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হয়।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, জন্মের পর সব শিশুর মেধা থাকে। কিন্তু এই মেধার বিকাশে নিজের চেষ্টা, অভিভাবকদের উৎসাহ ও সহায়তা প্রয়োজন। জামিলুর রেজা কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, পশ্চিম বাংলার বিজ্ঞানী বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মণিলাল ভৌমিক, কম্পিউটারের প্রবাদ পুরুষ স্টিভ জবস, প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি মুসা ইব্রাহিমদের জীবনের গল্প শোনান। তিনি বলেন, মেধাবীদের চেষ্টা এবং ভালো ফলাফল থাকলে উচ্চশিক্ষার দ্বার খোলা আছে।
৪০-৫০ বছর আগে নিজেও অদম্যদের তালিকায় ছিলেন, এমন কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, ‘এখন আমি মেয়র, আর্থিকভাবেও সচ্ছল, তবে জীবন এভাবে শুরু হয়নি। মাস্টার্স পরীক্ষার পর বাবা তাঁর পেনশনের টাকা থেকে টাকা দিয়েছেন। ছোট ভাই এখন যে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তা, তাঁর পরীক্ষার টাকা দিতে পারবেন কি না, তা নিয়ে পরিকল্পনা করতে হয়েছিল। এখন বড় অনকোলজিস্ট আরেক ভাই বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু যাওয়ার টাকা নেই। একজন সাহায্যে এগিয়ে আসেন। আমাদের সময়ে এখনকার মতো এত প্রতিষ্ঠান তো ছিল না।’
মেয়র আনিসুল হক অদম্য মেধাবীদের বলেন, ‘তোমাদের জন্য পৃথিবী উন্মুক্ত। “আমি কি পারব” থেকে “আমি পারব”—এ জায়গায় নিয়ে যেতে হবে। তোমাদের একেকজন পৃথিবী বদলে দিতে পারবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করতে হবে। ভয় নেই, তোমরা এগিয়ে চলো।’
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক পারভীন হাসান ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্ট তহবিলের আওতায় অদম্য মেধাবী লিপি খাতুনের গল্প শোনান। লিপি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি থেকে বিবিএ করে একটি প্রতিষ্ঠানে এখন ইন্টার্নশিপ করছেন। সিরাজগঞ্জের মেয়ে লিপি নির্ভুলভাবে ইংরেজি বলতে পারেন, সে কথাও জানালেন অত্যন্ত গর্বের সঙ্গে। লিপি খাতুনও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।
প্রথম আলো ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরী বলেন, ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবীদের এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, তা চাহিদার তুলনায় অপ্রতুল। তিনি অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান। আর শুধু জিপিএ-৫ পেলেই নয়, যারা খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রে ভালো, তাদেরও সহায়তা করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সবাইকে ভালো মানুষ ও ভালো নেতা হওয়ার স্বপ্ন দেখতে আহ্বান জানান রুপালি চৌধুরী।
ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামদুদুর রশীদ অদম্য মেধাবী সাজলীকে নিয়ে লেখা দেবব্রত সিংহের ‘তেজ’ কবিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘তোমাদের ওপরে ওঠার জন্য পাহাড় কেটে কিছুটা মসৃণ করে দেওয়ার কাজটি করছে প্রথম আলো ট্রাস্ট ও ব্র্যাক ব্যাংক। এটি অনুগ্রহ বা অনুকম্পা নয়, এটি তোমাদের প্রাপ্য। এ কাজ করে প্রতিষ্ঠান দুটি নিজেরাই সম্মানিত হচ্ছে। কবিতায় সাজলী যেমন বলেছিল, ওপরে উঠতে বহুত দম ও তেজ লাগে, তোমরা সেই দম ও তেজ দেখাচ্ছ। এই তেজ দিয়ে উত্তাল সিন্ধু পাড়ি দেওয়া সম্ভব। তোমাদের সম্ভাবনায় আমাদের আস্থা অবিচল।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক অদম্য মেধাবীদের কয়েকজনকে মঞ্চে ডাকেন, তাঁদের জীবনের গল্প বলতে বলেন। কয়েকজন গানও গেয়ে শোনান।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, মনোরোগ চিকিৎসক অধ্যাপক মোহিত কামাল, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জারা জেবিন মাহমুদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান উপস্থিত ছিলেন।
প্রথম আলো ট্রাস্ট ২০০৭ সাল থেকে আনুষ্ঠানিকভাবে অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি দেওয়া শুরু করে। ২০১০ সাল থেকে অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি দেওয়ার আর্থিক দায়িত্ব নিয়ে এতে যুক্ত হয় ব্র্যাক ব্যাংক। এ পর্যন্ত ৬৫৬ জন সহায়তা পেয়েছে, আর বর্তমানে শিক্ষাবৃত্তির আওতায় আছে ৩০৯ জন শিক্ষার্থী।