অদম্য মেয়েদের সম্মানিত করায় উচ্ছ্বসিত কলসিন্দুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ে ফুটবলারদের নিয়ে নির্মিত অদম্য মেয়েরা নামের প্রামাণ্যচিত্র দেখে ও প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ওই মেয়েদের সম্মানিত করার কথা জেনে অভিভূত গ্রামটির মানুষ।
গত শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতিসম্মিলনীতে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ১৯ জন মেয়ে ফুটবলার এবং তাদের শিক্ষক ও কোচকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে অদম্য মেয়েরা নামের প্রামাণ্যচিত্রটি দেখানো হয়। এতে বিভিন্ন প্রতিকূলতা জয় করে ফুটবল খেলা মেয়েদের অদম্য ইচ্ছাশক্তি ও তাদের সাফল্যের কাহিনি তুলে ধরা হয়।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অনেক মেয়ের অভিভাবক ও স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে দুটি টেলিভিশন চ্যানেলে তাঁরা প্রামাণ্যচিত্রটি দেখেছেন। প্রিয় ‘ফুটবল কন্যাদের’ টেলিভিশন চ্যানেলে দেখে এলাকাবাসী অভিভূত।
এর আগে গত ২২ আগস্ট প্রথম আলোতে শনিবারের বিশেষ প্রতিবেদন হিসেবে প্রথম পাতায় এবং গত শনিবার প্রথম আলোর ক্রোড়পত্র ‘ছুটির দিনে’তে কলসিন্দুরের মেয়ে ফুটবলারদের ছবিসহ প্রতিবেদন ছাপা হয়।
কলসিন্দুর গ্রামটি ধোবাউড়ার গামারীতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) অন্তর্ভুক্ত। গামারীতলা ইউপির চেয়ারম্যান আবদুল ওয়াহেদ তালুকদার গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়নজুড়ে এখন এই আলোচনাই হচ্ছে। স্থানীয় মেয়েদের এভাবে সম্মান দেওয়ায় প্রত্যেকটা মানুষ আনন্দিত। মেয়েরা যা করেছে, তা বিশ্বের মানুষের কাছে তুলে ধরায় প্রথম আলোকে ধন্যবাদ।’
প্রামাণ্যচিত্রের গল্পে প্রাধান্য পাওয়া মেয়ে ফুটবলার মারিয়া ও তার মা এনতা মান্ডার সঙ্গে গতকাল বিকেলে কথা হয় মুঠোফোনে। এনতা মান্ডা বলেন, এক প্রতিবেশী তাঁকে ডেকে বাড়িতে নিয়ে মুঠোফোনে প্রামাণ্যচিত্রটি দেখিয়েছেন। দেখে তিনি খুব আনন্দ পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনিসুজ্জামান খান বলেন, ‘মেয়েদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি আমিও দেখেছি।
সবার মতো আমিও অনেক খুশি হয়েছি।’
কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. রোকনুজ্জামান বলেন, ‘আমাদের মেয়েদের যোগ্য সম্মান দেওয়ায় আমরা খুব খুশি। অধ্যক্ষ মো. জালাল উদ্দিন ও আমরা সবাই মেয়েদের পাশে সব সময় থাকি, আগামীতেও থাকব।’