অদম্য রিফাতকে সংবর্ধনা দিল জেলা প্রশাসন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া রিফাত শেখকে গতকাল শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়।
রাজবাড়ী জেলা সার্কিট হাউস মিলনায়তনে দুপুরে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান প্রশাসনের পক্ষ থেকে কলেজে ভর্তি বাবদ রিফাতের হাতে এককালীন ১০ হাজার টাকা এবং গোয়ালন্দের ৮৮ নম্বর দক্ষিণ উজানচর মৌজার ১ নম্বর খতিয়ানের ১৪৫৮ নম্বর দাগের ৫৩ শতাংশ কৃষি খাসজমি রিফাতের বাবা মঞ্জুরুল শেখের নামে বন্দোবস্তের কাগজপত্র তুলে দেন। এ ছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে ফ্রান্সপ্রবাসী আশরাফুল ইসলামের সহযোগিতায় মাস্টার্স পর্যন্ত পড়াশোনা বাবদ প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়।
১১ জুন প্রথম আলোয় ‘আঁধার ঘরে চাঁদের আলো’ শিরোনামে রিফাতকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।