অদম্য সালসাবিলা

জন্মগতভাবে দুই হাতের নিচের দিকে চেতনা নেই। তাই দুই হাতে কোনো কিছুই করা সম্ভব হয় না। কিন্তু থেমে নেই সালসাবিলা আখতার। স্রেফ প্রাণশক্তির জোরে এগিয়ে চলেছে সে। ডান পায়ে লিখে পড়াশোনা চালিয়ে যাচ্ছে মেয়েটি। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে অদম্য এই শিক্ষার্থী।
রংপুর নগরের খোর্দ্দ রংপুর গ্রামের শাহাজাহান মিয়ার মেয়ে সালসাবিলা মাহিগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২ দশমিক ৩১ পয়েন্ট পেয়েছিল সে।
সালসাবিলার বাবা কৃষি উন্নয়ন করপোরেশনে সেচ বিভাগে কর্মরত। শাহাজাহান মিয়া জানান, জন্মগতভাবে তাঁর মেয়ে শারীরিক প্রতিবন্ধী। নিজের ইচ্ছার জোরেই সে আজ এত দূর এসেছে। পড়াশোনায় তার প্রবল ইচ্ছা। গতকাল পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, বেঞ্চে নয়, ছোট একটি চৌকিতে বসে পরীক্ষা দিচ্ছে সালসাবিলা। পরীক্ষা শেষে তার সঙ্গে কথা হয়। সালসাবিলা বলে, ‘দেশ-বিদেশে প্রতিবন্ধীরা অনেক ভালো কাজ করেছে। আমি পড়াশোনা করে কিছু একটা করতে চাই। আমি যেহেতু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না, সে কারণে বসে বসে পা দিয়ে কম্পিউটার চালিয়ে করা যায় এমন কাজ বেছে নিতে চাই। ভাইয়ের ল্যাপটপে কাজ শিখছি। আশা করি, এখানেও ভালো কিছু করতে পারব।’