অদম্য সুমি এখন রিকশার মালিক

সুমি বেগম এখন একটি রিকশার মালিক। আগে তিনি অন্যের রিকশা ভাড়ায় চালাতেন। রাজধানীর বিভিন্ন রাস্তায় তিনি স্বাধীনভাবে রিকশা চালাবেন। দিন শেষে মহাজনের পাওনা টাকা পরিশোধ করতে হবে না।
গতকাল বুধবার সুমি বেগমের হাতে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে এই রিকশা তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ প্রমুখ।
গত ২৯ নভেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘অদম্য সুমির সংগ্রামী জীবন: রিকশার চাকায় জীবন চলে’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রথম আলোর ফটো সাংবাদিক আবদুস সালাম অদম্য সুমিকে খুঁজে পান। তাঁর ছবির সূত্র ধরেই এ প্রতিবেদন প্রকাশিত হয়। অদম্য সংগ্রামী সুমি বেগমের জীবনকাহিনি জেনে তাঁকে একটি রিকশা কিনে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রথম আলো ট্রাস্ট।
রিকশা পেয়ে সুমি বললেন, রিকশাটি তাঁর খুব পছন্দ হয়েছে। তিনি কেনার আগে যেমন বলে দিয়েছিলেন, তেমনই হয়েছে রিকশাটি। হাসতে হাসতে বললেন, ‘আইজকা কামরাঙ্গীরচরের গ্যারেজে মিষ্টি নিয়া ঢুকতে হইব।’
সংসারের বোঝা টানতে আর কোনো বিকল্প নেই বলেই রিকশা নিয়ে পথে নেমেছেন সুমি বেগম। পায়ে প্লাস্টিকের স্যান্ডেল। গলায় রংচটা গামছা। মাথায় ক্যাপ। বয়স ২৪ বছর। এক সন্তানের মা তিনি। রিকশার আগে তিন বছর রাজধানীতে ভ্যান চালিয়েছেন সুমি। এরও আগে ছোট-বেলায় প্রতিবন্ধী বাবাকে সঙ্গে নিয়ে ভিক্ষা করতেন। বাবা মারা গেছেন। ছোট ভাই মানসিক প্রতিবন্ধী। ভাই ও সুমির মেয়েকে নিয়ে মা মাদারীপুরে গ্রামের বাড়িতে থাকেন। সুমির পাঠানো টাকা এবং মা অন্যের বাড়িতে কাজ করে যা পান, তাই দিয়েই চলে সংসার। সুমি কামরাঙ্গীরচরে থাকেন।
সুমি জানালেন, কারখানায় কাজ করার সময় একজনের প্রেমে পড়েন। তারপর অল্প বয়সেই বিয়ে করেন। তবে মেয়ে যখন তিন মাসের পেটে, তখন প্রথম বুঝতে পারেন স্বামী নেশা করেন। স্বামীকে ছেড়ে চলে আসেন বাবা-মায়ের কাছে। তারপর স্বামীকে তালাক দেন। মেয়ে, মা, ভাইয়ের কথা চিন্তা করে আর বিয়ে করেননি। এখন মেয়েকে শিক্ষিত করার স্বপ্ন দেখেন। মেয়ে পড়ছে প্রথম শ্রেণিতে।