বছর চারেক আগের কথা। রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের সুজন আলী দিনমজুরি করে এসএসসিতে সব কটি বিষয়ে জিপিএ-৫ (গোল্ডেন জিপিএ) পান। তাঁর মা অন্যের বাড়িতে কাজ করেন। চোখ ধাঁধানো সাফল্যের পরও সুজনের পড়াশোনা হবে না শুধু আর্থিক অনটনের কারণে। খবরটা শুনে মুষড়ে পড়েন একই গ্রামের মো. খোকন। তিনি নিজেও দরিদ্র ঘরের সন্তান। কিন্তু তাই বলে টাকার অভাবে অমন মেধাবী ছেলের পড়া বন্ধ হয়ে যাবে! কিছুতেই মেনে নিতে পারছিলেন না খোকন। একরকম জেদ করেই ঘর থেকে বের হন খোকন। সচ্ছল পরিচিতজনদের কাছে হাত পাতেন, সুজনের জন্য তাঁদের কাছে সাহায্য প্রার্থনা করেন। বিমুখ করেননি তাঁরা। সেই টাকায় সুজনকে রাজশাহী গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি করান খোকন। সেই সুজন এখন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছেন। পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের সিংড়া গ্রামের শিলা খাতুন সপ্তম শ্রেণীতে পড়ত। মা নেই মেয়েটার। সৎ মা তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। শিলার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। মেয়েটির কথা জানতে পেরে ছুটে যান খোকন। তার পড়াশোনার দায়িত্ব নেন। সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে পাওয়া টাকার একটা অংশ শিলার পেছনে ব্যয় করছেন খোকন। চলতি বছরের জানুয়ারির ঘটনাটি এটি। বিগত চার বছরে এমনি অর্ধশতাধিক গরিব মেধাবী শিক্ষার্থীকে তুলে এনেছেন খোকন। স্থানীয় সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে আর্থিক অনুদান নিয়ে তাদের সহায়তা করেছেন। তাদের শিক্ষার বন্ধুর পথটি করে দিয়েছেন মসৃণ। এ যেন প্রথম আলোর মতোই অদম্য মেধাবীদের সহায়তার গল্প। একটি সংবাদপত্র যে কাজ করছে, খোকন একাই সেই কাজ করে চলেছেন নিরলসভাবে। কৃষক বাবা আর গৃহিণী মায়ের চার মেয়ে ও দুই ছেলের মধ্যে খোকন পঞ্চম। রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষার্থী। বয়স ২৮। আর্থিক দৈন্যতার কারণে দুই বছর পড়াশোনা করতে পারেননি। বাধ্য হয়ে শিক্ষাঋণ নিয়ে পড়াশোনা করছেন। পরীক্ষা শেষ হলেই খোকনকে ঋণের কিস্তি দেওয়া শুরু করতে হবে। মাথায় এই দুশ্চিন্তা। তবু মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। অভাবের তাড়নায় কোন মেধাবীর পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে, কার বিদ্যালয়ে যাওয়ার মতো জামা নেই, কার বই-খাতা নেই, কার শীতবস্ত্র নেই। ফুরসত পেলেই এসব খুঁজে ফেরেন খোকন। সম্প্রতি কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, প্রতি মাসে তাঁকে ১৮০ দিস্তা সাদা কাগজ ও ১৭০টি কলম বিতরণ করতে হয় শিক্ষার্থীদের মধ্যে। বছরের শুরুতে বই, স্কুলের পোশাকও বিতরণ করতে হয়। এ সময় খোকন ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকেন। খোকন একে একে অদম্য মেধাবীর গল্প বলে চলেন। তাঁর গল্প যেন ফুরাতেই চায় না। শুনতে শুনতে মনে হয়, এ যেন এক আন্দোলন। খোকন এর একটা জুতসই নামও দিয়েছেন: ‘প্রতিভা অন্বেষণ-পুঠিয়া’। কথাচ্ছলে একটি খাতা খুলে দেখান খোকন। সেখানে ৫৫ জন শিক্ষার্থীর নাম-ঠিকানা লেখা রয়েছে। যাঁদের তিনি বিভিন্ন সময় সাহায্য দিয়েছেন এবং এখনো দিয়ে চলেছেন। এই আন্দোলনকে এগিয়ে নিতে যাঁরা তাঁকে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করছেন, তাঁদের মধ্যে চট্টগ্রামের মেরিন ইঞ্জিনিয়ার তারেক উদ্দিন আহাম্মেদ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক সাইফুর রহমান চৌধুরী, ধোপাপাড়া গ্রামের চাল ব্যবসায়ী আফজাল হোসেন উল্লেখযোগ্য। মেরিন ইঞ্জিনিয়ার তারেক উদ্দিন আহাম্মেদ প্রথম আলোকে বলেন, ‘ছেলেটাকে সত্যিই ভালো মানুষ মনে হয়েছে। আমি দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, খোকন ওদের নিয়মিত সহায়তা দিচ্ছে।’ খোকন বলেন, ‘আগামী দিনে দেশ পরিচালনায় মেধাবী ও যোগ্য মানুষ দরকার। কিন্তু সেসব মানুষ হয়তো এমন হতদরিদ্র পরিবারে জন্ম নিয়েছে যে শিক্ষার সুযোগই পাচ্ছে না। সেখান থেকে তাদের তুলে আনতে হবে।’ ধোপাপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, ‘খোকন এত সুন্দর একটা কাজ করছে, সেটা ভাষায় প্রকাশ করার নয়। এখন খোকন আমার স্কুলে এলেই মনে হয় একটা সুখবর নিয়ে এসেছে।’ খোকন প্রথম যে সুজন আলীকে সাহায্য করেছিলেন গতকাল বৃহস্পতিবার কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘আমার জীবনটাকে খোকন ভাই বদলে দিয়েছেন। আমি যখন দুবেলা ঠিকমতো খেতে পাইনি। লেখাপড়ার খরচ জোগাড় করতে দিনমজুরি করেছি। আমার মা অন্যের বাড়িতে কাজ করেছেন। তখন আমার কলেজে পড়ার বিষয়টিই ছিল দুঃস্বপ্নের মতো। সেই সময় খোকন ভাই আমাকে কলেজে ভর্তি করে দিয়েছেন।’