অদিতির রবীন্দ্রসংগীতে মুগ্ধ সন্ধ্যা
গুণী কণ্ঠশিল্পী অদিতি মহসিন তখন বিশ্বভারতীর স্নাতকোত্তর পর্যায়ে চূড়ান্ত বর্ষের ছাত্রী। সেবার বসন্ত উত্সবে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য শ্যামা। ‘শ্যামা’ চরিত্রের জন্য বেছে নেওয়া হলো অদিতিকে। নৃত্যনাট্যটি মঞ্চস্থ হওয়ার পর উপস্থিত সুধীজন এবং বিশ্বভারতীর সংগীত ভবনের সব শিক্ষক-শিক্ষিকা মন্তব্য করেন, ‘এ যেন মোহরদির করা সেই শ্যামা এত দিন পর আবার শুনলাম।’ কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অদিতির মোহসীনের গানের একটা সাদৃশ্য তখন খুঁজে পেয়েছিলেন বিদগ্ধজনেরা। বিশ্বভারতীর চর্চিত কণ্ঠের এই শিল্পীর গান ও গায়কী এখন উভয় বাংলাতেই প্রশংসিত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে গান শুনিয়ে মুগ্ধ করলেন ঢাকার শ্রেতাদের।বিপুল তরঙ্গ রে নামে তাঁর রবীন্দ্রসংগীতের নুতন অ্যালবামের প্রাকশনা অনুষ্ঠান উপলক্ষে ছিল এই গানের আসর। অ্যালবামটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। গতকাল ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অ্যালবামের মোড়ক উন্মোচন ও শুভেচ্ছা বক্তব্যের পর আমন্ত্রিত অতিথির গান শোনান অদিতি মহসিন।বৃহস্পতিবরা রাতে অনুষ্ঠানস্থলের পরিবেশটাই ছিল উপভোগ্য। মিলনায়তনের দেয়ালজুড়ে বিচিত্র আলোকচিত্র আর ঘরজুড়ে সুরের আবহ। পুরো মিলনায়তন শ্রোতায় ভরা। বৈঠকি ঢঙে গানের আসর শুরু। পাশের ঘরটিতে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানটি দর্শকদের দেখার ব্যবস্থা রয়েছে। মূল মিলনায়তনে জায়গা না পেয়ে অনেকেই পর্দার সামনে অপেক্ষা করছে।সন্ধ্যায় বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, রবীন্দ্রনাথের গানের বাণী ও সুরের যে আনন্দ, তা অন্য কোনো গানে পাই না। এই প্রজন্মের রবীন্দ্রসংগীতশিল্পীদের মধ্যে অদিতি মহসীনের গান আমার ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী, সুর আর গায়কী—সব মিলিয়ে অদিতি গানগুলোকে দেয় এক অন্যমাত্রা। তিনি বেঙ্গল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বেঙ্গল ফাউন্ডেশনের সবার অক্লান্ত প্রচেষ্টার কারণে শুদ্ধ সংগীতের শ্রোতারা ভালো শিল্পীর ভালো গান শোনার সুযোগ পাচ্ছে। স্বাধীনতার মাস। তাই অদিতি তাঁর গানের ঝাঁপি খোলেন একটি দেশাত্মবোধক গান দিয়ে। শুরুতে গাইলেন ‘সার্থক জনম আমার’। এরপর শোনালেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘বিপুল তরঙ্গ রে’, ‘বনে যদি ফুটল কুসুম, ‘দীপ নিভে গেছে মম’ ইত্যাদি। ‘আজি যেমন করে’ গানটি দিয়ে আসর শেষ হয়। রবীন্দ্রনাথের প্রেম, পূজা, প্রকৃতিসহ সব পর্বেরই গান ছিল তাঁর মনোমুগ্ধকর পরিবেশনায়।রবিরাগের প্রতিষ্ঠাবার্ষিকীদুই যুগে পা রাখল সংগীত সংগঠন রবিরাগ। রবীন্দ্রসংগীতকে কেন্দ্র করে গড়া এই সংগঠনের প্রতিষ্ঠাতা নন্দিত শিল্পী সাদি মহম্মদ। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের, স্লোগান ‘দুই পারের কানাকানি’।গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবে রবিরাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য পরিবেশন করা হয়। তবে ভগ্নিপতির মৃত্যুর কারণে ওই সংবাদ সম্মেলনে সাদি মহম্মদ নিজেই উপস্থিত থাকতে পারেননি। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রবিরাগের সভাপতি আমিনা আহমেদ। সংবাদ সম্মেলনে জাননো হয়, আগামী ২১ মার্চ সন্ধ্যা সাতটায় শিশু একাডেমীতে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। উত্সবের প্রথম দিন একক সংগীত পরিবেশন করবেন দেশের প্রথম শ্রেণীর শিল্পীরা। দ্বিতীয় দিন ২২ মার্চ বিকেল সাড়ে পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু হবে। এই দিনে রয়েছে একক পরিবেশনা, বৃন্দগান ও গীতি নৃত্যনাট্য শাপমোচন।ঢাকা পদাতিকের নাট্যোত্সবপ্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা পদাতিক আন্তর্জাতিক নাট্যোত্সবের আয়োজন করেছে। উত্সবে ভারতের দুটি এবং সুইজারল্যান্ডের একটি নাটকের দল অংশ নিচ্ছে। আজ শুক্রবার শিল্পকলা একডেমীর মূল মিলনায়তনে উত্সবের উদ্বোধনী অনুষ্ঠান। ‘ধর্ম-বর্ণ-জাতির ঊর্ধ্বে জাগো হে নবীন প্রাণ’ স্লোগান নিয়ে উত্সব শেষ হবে ২৫ মার্চ। গতকাল ঢাকা রিপোর্টার্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের প্রধান গোলাম কুদ্দুছ।ফরাসি ভাষা ও সংস্কৃতি নিয়ে ফ্রাঙ্কোফনি-২০১০ফরাসি ভাষা ব্যবহারকারী ছয়টি দেশ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে ‘লা জার্নি ইন্টারন্যাশনাল ডি লা ফ্রাঙ্কোফনি-২০১০’। আগামীকাল ২০ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত হবে এই আয়োজন। ফ্রাঙ্কোফনিতে ফরাসি ভাষার ইংরেজি সাবটাইটেলসহ ফরাসি ভাষায় নির্মিত বিভিন্ন দেশের চলচ্চিত্র দেখানো হবে। থাকবে নানা আয়োজন।গতকাল বৃহস্পতিবার আলিয়ঁস ফ্রঁসেজে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনার ম্যাক ডুগাল, মিসরের হাইকমিশনের উপপ্রধান আহমেদ আল শৌরবাগি, ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লি ক্রুসার্ট, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আর্স হেরেন।শিশু উত্সবে চিত্রাঙ্কন প্রতিযোগিতাপুতুলনাচ, সার্কাস, নাগরদোলা ও চরকির সঙ্গে শিশুদের পরিবেশিত সংগীত, নৃত্য ও নাট্যানুষ্ঠানের মধ্য দিয়ে জমে উঠেছে রাজধানীর কলাবাগান মাঠে আয়োজিত সজীব শিশু উত্সব। চার দিনব্যাপী এ উত্সবের তৃতীয় দিনে আজ শুক্রবার বিকেল চারটায় আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুদের সঙ্গে আবহমান বাংলার নানামাত্রিক বিনোদন আয়োজনকে পরিচয় করিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে সজীব শিশু উত্সব।