অদূরে তিস্তা গঙ্গাচড়ায় বাঁধ হুমকির মুখে
দীর্ঘ ২২ বছর ধরে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর প্রতিরক্ষা ডান তীর নামের ২০ কিলোমিটার মূল বাঁধ সংস্কার করা হয় না। গত কয়েক বছরের বন্যায় তিনটি উপবাঁধ ভেঙে যাওয়ায় মূল বাঁধটির কাছাকাছি চলে এসেছে নদী। বাঁধটি ভেঙে গেলে গঙ্গাচড়া বন্দর হুমকির মুখে পড়বে। জানা গেছে, তিস্তা নদীর ভাঙনের হাত থেকে রক্ষার্থে ১৯৭৭-৭৮ সালে রংপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা প্রতিরক্ষা বাঁধটি নির্মাণ করে। নির্মাণের পর প্রথম দশ বছর অর্থাৎ ১৯৮৮ সাল পর্যন্ত এটি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় সংস্কার করা হয়। পরে আর সংস্কার করা হয়নি।পাউবো সূত্র জানায়, উপজেলার নোহালী ইউনিয়ন থেকে মর্ণেয়া ইউনিয়নের শেষপ্রান্ত পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই তিস্তা প্রতিরক্ষা ডান তীর বাঁধ। প্রস্থ প্রায় ১৫ ফুট। প্রতিবছর বন্যা ও ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত, দরিদ্র পরিবার ডান তীরের মূল বাঁধে আশ্রয় নেয়। প্রায় ১৩ হাজার পরিবার এই বাঁধে বাস করে।সরেজমিনে দেখা গেছে, তিস্তার ভাঙনে সহায়-সম্বল হারিয়ে আশ্রয়হীন হয়ে বাঁধের ধারে বা বাঁধ কেটে বাড়িঘর তৈরি করে বসবাস করছে লোকজন। আবার অনেকে চলাচলের জন্য বাঁধ কেটে ছোট ছোট রাস্তা তৈরি করেছে। এতে বাঁধটি ক্ষীণ হয়ে এসেছে।স্থানীয় লোকজনের আশঙ্কা, তিস্তা যেভাবে এগোচ্ছে তাতে বাঁধটির সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ গত কয়েক বছরে উপবাঁধগুলো ভেঙে গেছে। এবার আর উপবাঁধ থাকল না। তিস্তার পানি এবার সরাসরি মূল বাঁধটিতে আঘাত হানবে।লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বলেন, মহিপুর ও গান্নারপাড় এলাকায় তিস্তা নদী বাঁধ থেকে মাত্র ৫০ ফুট দূরে। বাঁধটি নির্মাণের পর প্রথম দশ বছর কাবিখার আওতায় রংপুর পাউবো সংস্কার করেছে। বিগত ২২ বছরে তা আর সংস্কার করা হয়নি। এ ছাড়া বাঁধে আশ্রিতদের সংখ্যা বাড়ছেই। রংপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, বাঁধটি রক্ষার্থে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা থেকে রংপুরের কাউনিয়া উপজেলা পর্যস্ত তিস্তা নদীর ডান তীর বাঁধের ৪০ কিলোমিটার এলাকায় একটি প্রকল্প তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে বাঁধের কাজ করা হবে।