বিএনপির নেতা মওদুদ আহমদ বলেছেন, একটি অদৃশ্য শক্তি এখন দেশ চালাচ্ছে। কোনো কিছু লিখিতভাবে হয় না। সব হয় টেলিফোনে। প্রশাসন দলীয়করণ করা হয়েছে। বিচার বিভাগেও নৈরাজ্য সৃষ্টি হয়েছে এই অদৃশ্য শক্তির হস্তক্ষেপে। প্রধানমন্ত্রীও অনেক কিছু জানেন না।মওদুদ আহমদ বলেন, আন্দোলন মানে জ্বালাও, পোড়াও বা হরতাল নয়। এমন আন্দোলন ও কর্মসূচি দিতে হবে, যাতে সরকার দুর্বল হয়ে পড়ে, সরকারকে ঝাঁকি মেরে ফেলে দেওয়া যায়, পদত্যাগ করতে বাধ্য হয়।গতকাল জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ‘ফারাক্কা দিবস ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এসব কথা বলেন। এনপিপির সভাপতি শেখ শওকত হোসেনের সভাপতিত্বে এতে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সহসভাপতি রাজিয়া ফয়েজ, এনপিপির খালেকুজ্জামান খান, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া ও লেবার পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।জাগপার সভাপতি শফিউল আলম প্রধান গোপালগঞ্জে জঙ্গিনেতা মুফতি হান্নানের বক্তব্যকে উদ্ধৃত করে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।