অদ্ভূত স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>চূড়ান্ত পরীক্ষায় প্রতিযোগীদের লেখা গল্প থেকে ছাপা হলো নির্বাচিত একটি গল্প
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

স্বপ্নটা খুব অদ্ভুত ছিল। দেখলাম, আইনস্টাইন আমার পড়ার টেবিল ঘুটুর ঘুটুর করে কী যেন করছেন। হয়তো বিজ্ঞানের কোনো নতুন আবিষ্কার হবে। খানিক বাদে দেখি, টেবিলের পাশে এসে দাঁড়িয়েছেন রবীন্দ্রনাথ। তাঁর শুভ্র শ্মশ্রুমণ্ডিত মুখে কী এক দুষ্টুমির হাসি! ওমা! একি! পাবলো পিকাসো এলেন কোত্থেকে? এ হচ্ছেটা কী এই ঘরে? বইগুলোকে পিয়ানোর কি-র মতো সাজাচ্ছেন যে বড় ওই লোকটা? আম্মুর কাছে মার খাওয়াবে নাকি? নিজেকে কী ভাবে? বিটোভেন?...সত্যিই তো, সে-ই দেখছি!
ঘরের দেয়ালগুলো আরেকবার দেখলাম। দেয়ালে টাঙানো ছবিগুলোর বেশির ভাগই ফাঁকা! ফ্রেম অন্ধকার করে দিয়ে আমার রুমকে এক অপার্থিব নীল আলোয় ভরে ফেলেছেন এঁরা! ভাবতাম, ওঁরা বুঝি আকাশের গায়ে দূরের ওই ছোট্ট ফুটকির মতো নক্ষত্র! ভাবতাম, আকাশের দিকে তাকিয়ে থাকতাম। কখনো মেঘে মেঘে তাঁদের এঁকে ফেলতাম, ডায়েরির পাতায় পাতায় তাঁদের সঙ্গে আমার কত কাল্পনিক কথোপকথন! আর আজ এই মধ্যরাতে সবাই আমার ঘরে? আকাশ থেকে পৃথিবীর মানুষের এসব পাগলামি দেখা যায় নাকি? না হলে কি ওখানে বিশেষ ইন্টারনেট ব্যবস্থা আছে? মর্ত্যের মানুষ কী করে; খোঁজ করলেই জানা যায়? কেমন ডিভাইস? স্টিভ জবস কী ওখানেও...আরে! জবসও চলে এসেছেন দেখছি! বাহ! দারুণ তো! ‘শুনুন জবস আঙ্কেল, আপনি কি...’
ক্রিং...ক্রিং...ক্রিং...
ধ্যাৎ, এত সুন্দর স্বপ্নের ছয়টা বেজে গেল? দুঃখের ব্যাপার...আবার সবাইকে একত্রে কোথায় পাব? স্বপ্নের কি পর্ব হয়? আজকে মধ্যরাতে কি আবারও...?
টেবিলের ওপর থেকে ডাকঘর বইটা নিলাম। আমার খুব প্রিয়। আমার নামও অমল...।

ঘ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ