অধরচন্দ্রে আজ কান্না নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগেও এ বিদ্যালয়টির মাঠে রাখা ছিল সারি সারি লাশ। আর সেই লাশের মিছিলে স্বজনেরা খুঁজে ফিরছিলেন প্রিয়জনকে। স্বজনের কান্নায় ভারী ছিল অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের বাতাস। টানা ২৪ দিন বন্ধ থাকার পরে আজ রোববার খুলল বিদ্যালয়টি। আজ সেই বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের কোলাহলে মুখর।

সকাল থেকেই উপজেলার অধরচন্দ্র মডেল উচ্চবিদ্যালয় ও রাখালচন্দ্র একাডেমিতে দল বেঁধে যায় শিক্ষার্থীরা। প্রায় এক মাস বন্ধ থাকায় গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে এবার পুরো উদ্যমে ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও শিক্ষকেরা তাই ব্যস্ত পড়াশোনায়। গতকাল শনিবার বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

গত ২৪ এপ্রিল সাভারে ধসে পড়ে নয় তলা ভবন রানা প্লাজা। সরকারি হিসাবে এতে প্রাণ হারান এক হাজার ১২৭ জন। আহত ব্যক্তিদের অনেকে এখনো হাসপাতালে রয়েছেন। ধসের পরদিন থেকে উদ্ধারকাজ চলার শেষ দিন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে নিয়ে আসা লাশগুলো বিদ্যালয়ের বারান্দায় রাখা হয়। খবর বাসসের।