দুই বছর আগে পয়লা বৈশাখের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় শনাক্ত আটজনের মধ্যে সাতজনকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দুই দফা তদন্ত শেষে একজনকে আসামি করে অভিযোগপত্র দিলেও সেই মামলাও ঝুলে আছে। ওই ঘটনার ব্যর্থতা স্বীকার করে পুলিশ বলছে, এ থেকে তারা শিক্ষা নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।
২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভিড়ের মধ্যে কয়েকজন যুবক দল বেঁধে নারীদের লাঞ্ছনা করে। এ দৃশ্য পুলিশের বসানো সিসি ক্যামেরায় ধরাও পড়ে। পরে এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। নিরাপত্তার মধ্যে ‘গণলাঞ্ছনার’ এ ঘটনা দেশব্যাপী সমালোচিত হয়। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ-বিক্ষোভও করে। পরে লাঞ্ছনার সেই ভিডিও চিত্র থেকে আটজনকে শনাক্ত করার কথা জানিয়ে তাদের ছবি প্রকাশ করে পুলিশ। তাদের ধরিয়ে দিতে প্রত্যেকের জন্য ১ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পেরে ২০১৫ সালের ২২ ডিসেম্বর এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
অবশ্য চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এক মাসের মাথায় সিসি ক্যামেরা থেকে পাওয়া ছবি মিলিয়ে মো. কামাল নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি। এরপর ডিবির দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করে রাষ্ট্রপক্ষ। আদালত তা গ্রহণ করেন। পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) তদন্ত করে ২৩ মার্চের মধ্যে অধিকতর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। চলতি বছর পিবিআই কামালকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মাহমুদা আকতার প্রথম আলোকে বলেন, ‘একমাত্র আসামি কামাল হাইকোর্ট থেকে জামিনে আছে। মামলাটির যেন দ্রুত বিচার হয়, আমরা সেই চেষ্টাই করছি।’
ওই মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ভিডিও ফুটেজ অনুসারে নিপীড়নকারী কামালের সম্পৃক্ততার প্রমাণ ও তার ব্যবহৃত সাদা রঙের পাঞ্জাবি উদ্ধার করতে পারায় তাকে আসামি করা হয়েছে। তবে পুরস্কার ঘোষিত বাকি সাতজনকে পাওয়া যায়নি। নাম-ঠিকানা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। অভিযোগপত্রভুক্ত আসামি কামাল হাইকোর্ট থেকে জামিনে আছেন। মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ বিচারাধীন আছে।
ওই ঘটনাকে পুলিশের ব্যর্থতা আখ্যা দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সেই ব্যর্থতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। আর এ রকম ঘটনা ঘটবে না। এবারের পয়লা বৈশাখে নারী উত্ত্যক্তকারী, ছিনতাইকারী ও পকেটমারদের ধরতে পুলিশের পৃথক দল কাজ করবে।’
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীও এটিকে পুলিশের ব্যর্থতা উল্লেখ করে বলেন, ‘লাঞ্ছনাকারীদের ভিডিও ফুটেজ পাওয়ার পরও আসামিদের খোঁজ না পাওয়া পুলিশের ব্যর্থতা। ১৯৯৯ সালে ইংরেজি নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক নারী লাঞ্ছনার শিকার হয়েছিলেন। লোকলজ্জার ভয়ে সেই নারী আদালতে যাননি। ওই মামলার আসামিরা খালাস পেয়ে গেছেন। কিন্তু আদালত পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আদেশ দিতে পারতেন।