অধস্তন আদালত তদারকিতে আট কমিটি গঠন করে দিলেন প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে দায়িত্ব দিয়ে আট বিভাগের প্রতিটিতে অধস্তন আদালতের কার্যক্রম তদারকিতে পৃথক আটটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর ২ জানুয়ারি এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছিলেন, ‘দেশের সব অধস্তন আদালতে মামলাজট নিরসন তথা বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা এবং গতিশীলতা আনার লক্ষ্যে আটটি বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের বিচারপতিকে প্রধান করে একটি করে মনিটরিং সেল গঠন করা হবে। প্রতি মাসে আমি তাঁদের প্রত্যেকের কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করব। পুরোনো মামলাগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিষ্পত্তির বিষয়ে সুপারভাইজ ও মনিটরিং করা হবে।’ এরপর আজ কমিটি গঠন বিষয়ে বিজ্ঞপ্তি এল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের প্রতি বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে মনোনয়ন দিয়ে পৃথক আটটি মনিটরিং কমিটি ফর সাব–অর্ডিনেট কোর্টস গঠন করেছেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলামকে ঢাকা বিভাগের, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনকে খুলনা বিভাগের, বিচারপতি জাফর আহমেদকে বরিশাল বিভাগের, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লাকে চট্টগ্রাম বিভাগের, বিচারপতি এস এম কুদ্দুস জামানকে সিলেট বিভাগের, বিচারপতি শাহেদ নূরউদ্দিনকে রংপুর বিভাগের, বিচারপতি মো. জাকির হোসেনকে ময়মনসিংহ বিভাগের ও বিচারপতি মো. আখতারুজ্জামানকে রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভাগওয়ারি বিচারপতিদের সাচিবিক সহায়তা দিতে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় আট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার মো. আবদুছ সালাম ঢাকা বিভাগে, সহকারী রেজিস্ট্রার সানজিদা সরওয়ার খুলনা বিভাগে, সহকারী রেজিস্ট্রার মো. সুলতান সোহাগ উদ্দিন বরিশাল বিভাগে, সহকারী রেজিস্ট্রার মিটফুল ইসলাম চট্টগ্রাম বিভাগে, সহকারী রেজিস্ট্রার মো. হারুন রেজা সিলেট বিভাগে, রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব জীবরুল হাসান রংপুর বিভাগে, সহকারী রেজিস্ট্রার মো. হায়দার আলী ময়মনসিংহ বিভাগে ও সহকারী রেজিস্ট্রার মো. ওমর হায়দার রাজশাহী বিভাগের সাচিবিক দায়িত্ব পালন করবেন।