ভবিষ্যতে দেশের অধস্তন আদালতে বা বিচার বিভাগীয় কার্যক্রম-সংশ্লিষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা ব্যত্যয়কারীর বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এমন নির্দেশনা-সংবলিত একটি সার্কুলার গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের গোচরে এসেছে, সম্প্রতি দেশের অধস্তন আদালত বা বিচার বিভাগীয় কার্যক্রম-সংশ্লিষ্ট নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম কোর্টকে এরূপ ঘটনা তাৎক্ষণিক অবহিত করা আবশ্যিক হলেও লক্ষ করা যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয় এই আদালতকে অবহিত করছেন না। ফলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
কাজ শুরু করেছে তদন্ত কমিটি
চট্টগ্রামে বিচারকের এজলাসে ভাঙচুর ও মামলার নথি তছনছের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ ও চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হুসেইন মো. রেজা।
কমিটির সদস্য ও চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হুসেইন মো. রেজা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দ্রুততম সময়ে প্রতিবেদন দেওয়ার চেষ্টা রয়েছে তাঁদের। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সঙ্গে গতকাল কথা বলেছেন তাঁরা।
এদিকে ভাঙচুর ও নথি তছনছের ঘটনায় গতকাল রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
মানব পাচার আইনে এক আইনজীবী ও তাঁর স্ত্রীর জামিন আবেদন গত বুধবার বিকেলে নামঞ্জুর হওয়ার পর বিক্ষুব্ধ আইনজীবীরা এজলাসে ভাঙচুর, মামলার নথি তছনছ ও বিচারকের খাসকামরার বাইরের জানালার কাচ ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ এলেও আইনজীবীদের বাধার মুখে ফিরে যায়। জামিন মঞ্জুর হওয়ার পর আইনজীবীরা মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে থেকে সরে যান।