অধস্তন আদালতের সাবেক বিচারিক কর্মকর্তারা আইন অনুসারে দেশের অধস্তন আদালতে আইন পেশা পরিচালনা করতে পারবেন না। অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকলে সাবেক বিচারিক কর্মকর্তা বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা দিয়ে হাইকোর্টে ওকালতি করতে পারবেন। বাংলাদেশ বার কাউন্সিলের এমন বিধান বহাল রয়েছে।
ওই বিধান বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন (রিভিউ) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে বার কাউন্সিলের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী শুনানি করেন। পুনর্বিবেচনার আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৯৮ সালের ১২ মার্চ বার কাউন্সিল আদেশে সংশোধনী আনা হয়। সংশোধিত ৬৫(এ)(২) অনুচ্ছেদ অনুসারে অধস্তন আদালতে বিচারিক কর্মকর্তা হিসেবে যাঁদের ১০ বছরের অভিজ্ঞতা আছে, তাঁরা শুধু মৌখিক পরীক্ষা দিয়ে হাইকোর্টে আইন পেশা পরিচালনা করতে পারবেন। তবে তাঁরা অধস্তন আদালতে আইন পেশা পরিচালনা করতে পারবেন না। রিভিউ খারিজ হওয়ায় অধস্তন আদালতের সাবেক বিচারিক কর্মকর্তারা শুধু হাইকোর্টে আইন পেশা পরিচালনা করতে পারবেন।
আইনজীবীর সূত্রে জানা যায়, সংশোধনীর আগে অধস্তন আদালতের সাবেক বিচারিক কর্মকর্তা অধস্তন আদালত ও হাইকোর্টে আইন পেশা পরিচালনা করতে পারতেন। তবে ১৯৯৮ সালের ১২ মার্চ সংশোধনীতে তাঁরা অধস্তন আদালতে আইন পেশা পরিচালনা করতে পারবেন না বিষয়টি যুক্ত হয়। সংশোধিত এই বিধান চ্যালেঞ্জ করে সাবেক বিচারক এ কে এম ফজলুল করিমসহ অন্যরা বিভিন্ন সময়ে পৃথক রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১০ ও ২০১৬ সালে হাইকোর্ট রায় দেন। রায়ে বার কাউন্সিলের ওই বিধান বাতিল ঘোষণা করা হয়। এর বিরুদ্ধে বার কাউন্সিল পৃথক লিভ টু আপিল ও আপিল করে। এর শুনানি নিয়ে ২০১৭ সালে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে রায় দেন আপিল বিভাগ। ফলে বার কাউন্সিলের ওই বিধান বহাল থাকে। তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে এ কে এম ফজলুল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পুনর্বিবেচনার আবেদন করেন, যা আজ খারিজ হলো।