অধস্তন আদালতের অনাকাঙ্ক্ষিত ঘটনা জানানো সম্পর্কে প্রজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের গোচরে এসেছে সম্প্রতি দেশের অধস্তন আদালত বা বিচার বিভাগীয় কার্যক্রমসংশ্লিষ্ট নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সুপ্রিম কোর্টকে এরূপ ঘটনা তাৎক্ষণিক অবহিত করা আবশ্যিক হলেও, লক্ষ করা যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয় অত্র কোর্টকে অবহিত করছেন না। ফলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।’

সার্কুলারে বলা হয়, ‘এমতাবস্থায় ভবিষ্যতে দেশের অধস্তন আদালত বা বিচার বিভাগীয় কার্যক্রম সংশ্লিষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ নির্দেশনা ব্যত্যয়কারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’