অধস্তন আদালতের অনুষ্ঠানে বাইরের কাউকে আমন্ত্রণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অধস্তন আদালতের এজলাস সময়ে কোনো অনুষ্ঠানের আয়োজন না করতে এবং অধস্তন আদালত আয়োজিত বা অধস্তন আদালত সংশ্লিষ্ট যেকোনো অনুষ্ঠানে অনুষ্ঠান সংশ্লিষ্ট নয়—এমন রাজনৈতিক বা স্থানীয় ব্যবসায়িক ব্যক্তিসহ অন্যান্য শ্রেণি ও পেশার মানুষকে আমন্ত্রণ না জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আদেশক্রমে আজ রোববার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন ওই সার্কুলার জারি করেন। এতে বলা হয়, এরূপ কোনো ব্যক্তি ওই অনুষ্ঠানে উপস্থিত হলে সে ক্ষেত্রে তাঁদের অনুষ্ঠান মঞ্চে আসীন না করা এবং বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো।

সার্কুলারে বলা হয়, অধস্তন আদালত আয়োজিত বা অধস্তন আদালত-সংশ্লিষ্ট যেকোনো অনুষ্ঠানে, অনুষ্ঠান-সংশ্লিষ্ট নয় এমন রাজনৈতিক বা স্থানীয় ব্যবসায়িক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো আদৌ কাম্য নয়। তা বিচারকগণের জন্য অনুসরণীয় নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থী।

সার্কুলারের শুরুতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে অধস্তন আদালত কর্তৃক এজলাস সময়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনসহ অধস্তন আদালত আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে, অনুষ্ঠান-সংশ্লিষ্ট নয় এমন রাজনৈতিক বা স্থানীয় ব্যবসায়িক ব্যক্তিরাসহ অন্যান্য শ্রেণি ও পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়। কোনো কোনো ক্ষেত্রে বর্ণিত ব্যক্তিদের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি করা হয়।

যোগাযোগ করা হলে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন প্রথম আলোকে বলেন, ওই নির্দেশনা–সংবলিত সার্কুলারটি রোববার দেশের সব অধস্তন আদালতে পাঠানো হয়েছে।