অধস্তন আদালতের সীমানা প্রাচীর করে সুরক্ষিত রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের অধস্তন আদালতগুলোর মালিকানাধীন জমি সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে সুরক্ষিত রাখতে ও বেদখল হওয়া জমির দখল পুনরুদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আদেশক্রমে ‘সারা দেশের অধস্তন আদালতসমূহের মালিকানাধীন জমি সীমানা প্রাচীর নির্মাণ করে সুরক্ষিত রাখা’ বিষয়ে আজ মঙ্গলবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেনের স্বাক্ষরে ওই সার্কুলারে জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, বর্তমানে বিচার বিভাগের বিদ্যমান মামলার সংখ্যা ও জনবল বিবেচনায় আদালতের স্থান স্বল্পতা প্রকট আকার ধারণ করেছে। অধিকন্তু, নিম্ন আদালতগুলোর মালিকানাধীন যে জমি রয়েছে, তার অতিরিক্ত সরকারি জমি ভবিষ্যতে বরাদ্দ পাওয়া সময় সাপেক্ষ ও দুরূহ বটে। সে কারণে নিম্ন আদালতগুলোর মালিকানাধীন বেদখল জমির দখল পুনরুদ্ধারসহ আদালতের জমি দখল চেষ্টায় লিপ্ত প্রভাবশালী মহলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক। এ অবস্থায় ওই নির্দেশনা দেওয়া হলো। একই সঙ্গে আদালতের জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া হলো। নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে বা অধস্তন আদালতের জমি সংক্রান্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সে বিষয়ে অনতিবিলম্বে সুপ্রিম কোর্টকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট জেলা জজসহ সকলকে নির্দেশনা দেওয়া হলো।

সার্কুলারের শুরুতে বলা হয়, প্রধান বিচারপতির গোচরে এসেছে যে, সারা দেশের অধস্তন আদালতসূমহের মালিকানাধীন জমি প্রভাবশালী কিছু মহল দখল করেছে বা দখলের অপচেষ্টায় লিপ্ত। অধস্তন আদালতগুলোর মালিকানাধীন জমি বেদখল হওয়া বা বেদখলের অপপ্রয়াস বিদ্যমান থাকা সত্ত্বেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জেলা জজদের সুপ্রিম কোর্টকে অবহিত না করার বিষয়টি হতাশাব্যঞ্জক।