অধস্তনদের হুমকি-ধমকিতে চুয়াডাঙ্গা ছাড়লেন প্রকৌশলী!
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলী গত সোমবার রাতে কর্মস্থল ছেড়ে মেহেরপুরে আশ্রয় নিয়েছেন। আবদুল আলীর ভাষ্যমতে, নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অব্যাহত হুমকি-ধমকির কারণে জানমালের নিরাপত্তার অভাব দেখা দেওয়ায় তিনি চুয়াডাঙ্গা ছেড়েছেন। এদিকে নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলীকে অদক্ষ ও অপরিপক্ব কর্মকর্তা বলে অভিহিত করেছেন সওজের অর্ধশত স্থানীয় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক। এ ব্যাপারে ঢাকায় প্রধান প্রকৌশলী বরাবর গত সোমবার তাঁরা লিখিত অভিযোগ পাঠিয়েছেন।প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, গত সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সওজের কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামানসহ কয়েকজন কর্মচারী স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত একাধিক সূত্র প্রথম আলোকে জানায়, অধস্তন কর্মকর্তা ও কর্মচারীরা নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মারমুখী আচরণ করেন এবং তাঁকে চুয়াডাঙ্গা ছাড়তে হুমকি দেন। দিনভর আবদুল আলীকে নানা রকম হুমকি দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে আবদুল আলী মেহেরপুরের ঠিকাদার জহুরুলকে ইসলামকে খবর দেন। রাত সাড়ে নয়টার দিকে জহুরুল চুয়াডাঙ্গায় এলে আবদুল আলী গোপনে সওজের পরিদর্শন বাংলো থেকে বের হয়ে তাঁর সঙ্গে মেহেরপুরে চলে যান। উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, ‘নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলীর কারণে চুয়াডাঙ্গা সওজ অধিদপ্তরে অচলাবস্থা দেখা দিয়েছে। এ জন্য আমরা তাঁর প্রতি অনাস্থা এনেছি। তাঁকে কোনো হুমকি দেওয়া হয়নি।’ নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলী মেহেরপুর থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অধস্তন কর্মকর্তা-কর্মচারীরা বয়সে আমার চেয়ে অনেক ছোট। তারা হুমকি-ধমকি দিয়ে ভুল করেছে। কোনো সুবিধাভোগী মহলের দ্বারা প্ররোচিত হয়ে তারা এ কাজ করেছে। আমার জানমালের নিরাপত্তার অভাবের বিষয়টি তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের জানিয়েছি।’শেখ আবদুল আলী আরও বলেন, ‘নতুন যোগ দেওয়া উপসহকারী প্রকৌশলীরা কাজ করতে গিয়ে পদে পদে ভুল করে। তাদের কর্মকাণ্ড শুধরে দেওয়ায় তারা আমার ওপর ক্ষোভ প্রকাশ করে। আমার যোগ্যতার প্রতি আস্থা রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে চুয়াডাঙ্গার পাশাপাশি মেহেরপুর সওজের নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করতে বলেছে। এ ব্যাপারে ২ জুন একটি আদেশ হয়েছে।’ জানতে চাওয়া হলে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যশোর) বুলবুল হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলী মৌখিকভাবে জানমালের নিরাপত্তার অভাবের কথা জানিয়েছেন। এ ব্যাপারে একটি অভিযোগ তাঁকে লিখিত আকারে পাঠাতে বলা হয়েছে।