অধস্তনের চেয়ে কম ঊর্ধ্বতনের বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের অধস্তন ব্যক্তিদের চেয়ে কম বেতন পান। বিগত ২২ বছরে কোনো পদোন্নতি হয়নি। বাইরের লোকজন এনে এ বিভাগের উচ্চপদে বসিয়ে দেওয়া হচ্ছে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হচ্ছে বেতনবৈষম্য। বর্তমান রাজস্ব কর্মকর্তার মূল বেতন ওই বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সবচেয়ে কম। আবার কর্মকর্তারা যে পদে দায়িত্ব পালন করছেন, বেতন পান তাঁর নিচের পদের।চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের পদের ক্রমবিন্যাস অনুযায়ী সর্বোচ্চ পদে আছেন প্রধান রাজস্ব কর্মকর্তা। তিনি ক্যাডার কর্মকর্তা। এরপর আছেন রাজস্ব কর্মকর্তা। ক্রমান্বয়ে কর কর্মকর্তা, উপকর কর্মকর্তা, পরিদর্শক, ক্রোকি কর্মকর্তা ও কর আদায়কারীর অবস্থান। এর মধ্যে রাজস্ব কর্মকর্তা প্রথম শ্রেণীর এবং কর কর্মকর্তা, উপকর কর্মকর্তা ও পরিদর্শক দ্বিতীয় শ্রেণীর পদ।জানা গেছে, একজন কর আদায়কারীর মূল বেতন চার হাজার ৭০০ টাকা। উপকর কর্মকর্তার মূল বেতন ছয় হাজার ৪০০ টাকা, কর কর্মকর্তার আট হাজার এবং রাজস্ব কর্মকর্তার ১২ হাজার টাকা। কিন্তু বর্তমানে রাজস্ব কর্মকর্তা মো. শামসুল ইসলামের মূল বেতন মাত্র তিন হাজার ৫০০ টাকা। তিনি সব মিলিয়ে ২১ হাজার টাকা বেতন পাওয়ার কথা। অথচ পান ১২ হাজার ৯৫ টাকা।শামসুল আলম গত ২৪ আগস্ট বেতনবৈষম্য অবসানের মাধ্যমে তাঁকে প্রকৃত বেতন দেওয়ার আবেদন করেছেন। তিনি বলেন, কনিষ্ঠ কর্মকর্তারা তাঁর চেয়ে বেশি বেতন পান। এতে তিনি বিব্রতকর অবস্থায় আছেন।জানা গেছে, রাজস্ব কর্মকর্তা শামসুল আলমের মূল পদ মুদ্রাক্ষরিক (টাইপিস্ট)। ওই পদের কর্মী হিসেবেই তিনি বেতন পেয়ে থাকেন। চার বছর ধরে তিনি ভারপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। একইভাবে সিটি করপোরেশনের ছয়জন কর কর্মকর্তা বেতন-ভাতা পান এক ধাপ নিচের উপকর কর্মকর্তা হিসেবে। ইতিমধ্যে একজন অবসরে গেছেন। কিন্তু কর কর্মকর্তার মূল বেতন পাননি।রাজস্ব বিভাগের ২৯ জন কর আদায়কারী ১০ অক্টোবর মেয়র মোহাম্মদ মন্জুর আলমের কাছে বেতনবৈষম্যের অভিযোগ এনে একটি আবেদন করেন। এতে তাঁরা ন্যায্যভাবে পদোন্নতি ও চাকরি স্থায়ী করার দাবি জানান। আবেদনকারীদের অন্যতম মো. জানে আলম বলেন, ‘আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েও ২০ বছরে কোনো পদোন্নতি পাইনি।’চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘তিন বছর আগে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়ে আমি এসব বেতনবৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সময়ের অভাবে শেষ করতে পারিনি। এবার ন্যায্যতার ভিত্তিতে চাকরির পদোন্নতি ও স্থায়ীকরণের কাজ করা হবে। এ জন্য কিছুদিন সময় লাগতে পারে।’করপোরেশন সূত্র জানায়, রাজস্ব বিভাগের ১৩০ জন কর আদায়কারীর মধ্যে স্থায়ী হয়েছেন ৬৫ জন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে জ্যেষ্ঠতার ভিত্তিতে এসব কর আদায়কারীকে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুজন প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি কাজ করে। কমিটি বিভিন্ন যোগ্যতা যাচাই-বাছাই শেষে পদোন্নতির একটি তালিকাও তৈরি করে। কিন্তু পরে কারাগার থেকে বেরিয়ে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সেই পদোন্নতির তালিকা বাতিল করেন।