অধিক আয়ের আশায় যোগ্যতা শিথিল!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ছয়টি ইউনিটে অংশগ্রহণের যোগ্যতা শিথিল করেছে কর্তৃপক্ষ। তবে আবেদনপত্রের দাম গত শিক্ষাবর্ষের তুলনায় ১০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে এবার।ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা শিথিল করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের যুক্তি দেখালেও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী বলছেন ভিন্ন কথা। তাঁদের মতে, ভর্তি পরীক্ষার ফরম বিক্রি করে অধিক আয়ের আশায় হয়তো পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা কমিয়েছে কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, ‘ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন এমন তো নয়, তাঁরা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা দেবেন। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা কমায়নি, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা কমানো হয়েছে; যা সম্পূর্ণ অযৌক্তিক। এর অন্য কোনো কারণ থাকতে পারে।’নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক প্রথম আলোকে বলেন, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা বাড়ায়, সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা কমিয়ে দেওয়া উচিত হয়নি। এ ক্ষেত্রে আবেদনপত্র বিক্রি করে অধিক আয়ের সম্ভাবনার বিষয়টিও থাকতে পারে।আসন্ন শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ), ‘সি’ ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদ), ‘এফ’ ইউনিট (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস), ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ), ‘এইচ’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ও ‘আই’ ইউনিটের (ইঞ্জিনিয়ারিং অনুষদ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা কমানো হয়েছে। এসব ইউনিটে গত শিক্ষাবর্ষে (২০১২-১৩) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম সাত পয়েন্ট। কিন্তু এ বছর দশমিক ৫ পয়েন্ট কমিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ঠিক করা হয়েছে ৬ দশমিক ৫ পয়েন্ট। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন প্রথম আলোকে বলেন, এইচএসসি পরীক্ষায় এ বছর ফল বিপর্যয় হওয়ায় ভর্তি পরীক্ষা কমিটি বিষয়টিকে গুরুত্ব দিয়ে কয়েকটি ইউনিটে আবেদনের যোগ্যতা কমিয়েছে। অধিক আয়ের উদ্দেশ্যে যোগ্যতা কমানোর বিষয়টি ঠিক নয় বলেও দাবি করেন তিনি।