অধিক উচ্চতার জোয়ার উপকূলের নতুন দুর্যোগ
বরগুনাসহ দক্ষিণ উপকূলের নদ-নদীগুলোতে জোয়ারের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে পূর্ণিমার প্রভাবে বরগুনাসহ উপকূলের নদ-নদীতে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হয়। আগে যেসব এলাকা উঁচু ও সুরক্ষিত ছিল সেসব এলাকা এবার জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ উপচেও পানি ঢুকে পড়ে।
জোয়ারের এই উচ্চতাকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রতিক্রিয়ার অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে মৌসুিম বৃষ্টিপাতেও তারতম্য পরিলক্ষিত হচ্ছে।
জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান বলেন, জলবায়ু পরিবর্তনের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে বৃষ্টি মৌসুমে হেরফের, বৃষ্টি কমে যাওয়া ও দাবদাহের পরিমাণ বেড়ে যাওয়া। এতে ঘন ঘন নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ফলে দক্ষিণাঞ্চলে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা, ফসলহানি, মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা মোকাবিলায় দক্ষিণাঞ্চলে দীর্ঘমেয়ািদ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
২০১৩ সালে বিশ্বব্যাংকের জলবায়ু-সম্পর্কিত একটি প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে দাবদাহের পরিমাণ বেড়ে মৌসুিম বৃষ্টিপাত কমে আসবে। আবার অল্প সময়ে অধিক বৃষ্টি হবে।’ অপর এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের উপকূলীয় এলাকায় প্রায় ৮০ লাখ মানুষ উচ্চ দুর্যোগ-ঝুঁকির মধ্যে বসবাস করছেন। ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা এক কোটি ৩৫ লাখে বৃদ্ধি পেতে পারে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জোয়ার পরিমাপক (মিটারগেজ) শাখার তথ্য অনুযায়ী, ২০০৪ বরগুনার নদ-নদীতে সর্বোচ্চ জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ৪৫ মিটার, ২০০৫ সালে ৩ দশমিক ৫১ মিটার, ২০০৬ সালে ২ দশমিক ৯৬ মিটার, ২০০৭ সালে সিডরে জোয়ারের এই উচ্চতা গিয়ে দাঁড়ায় ৪ দশমিক ২২ মিটার আর ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলায় জলোচ্ছ্বাস হয় ৩ দশমিক ৬৫ মিটার। গত বছরের ১৬ মের ঘূর্ণিঝড় মহাসেনে জোয়ারের তীব্রতা ছিল ৩ দশমিক ৩৬ মিটার। ১৫ জুলাই পূর্ণিমার প্রভাবে উপকূলে জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ৬২ মিটার। পাউবোর প্রকৌশলীরা জানান, এই অঞ্চলে জোয়ারের স্বাভাবিক মাত্রা হচ্ছে ২ দশমিক ৮৫ মিটার।
পাউবোর বারিপাত শাখায় রক্ষিত উপাত্তে বৃষ্টিপাতের ক্ষেত্রেও এমন অস্বাভাবিকতার তথ্য পাওয়া যায়। দেখা যায়, গত বছরের ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত হয় ৩৩০ মিলিমিটার। এ ছাড়া ২০০৭ সালের জুলাই থেকে সেপ্টেম্বর চার মাসে বৃষ্টিপাত হয় এক হাজার ৮৩৬, ২০০৮ সালে এক হাজার ৯২১, ২০০৯ সালে তা কমে গিয়ে দাঁড়ায় এক হাজার ২৮০ মিলিমিটারে। আবার ২০১০ সালে তা আরও কমে দাঁড়ায় ৯১২ মিলিমিটারে। ২০১১ সালে কিছুটা বেড়ে হয় এক হাজার ৭১২ ও ২০১২ সালে আগের বছরের তুলনায কমে গিয়ে হয় এক হাজার ৬৬ মিলিমিটার। ২০১৩ সালে তা বেড়ে তিন হাজার ১০ মিলিমিটার হয়।
২০০৭ সালের মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় জুলাইতে ১৩৫ মিলিমিটার, ২০০৮ সালে সেপ্টেম্বরে ২২৫ মিলিমিটার, ২০০৯ সালের জুলাইয়ে ২৫০ মিলিমিটার, ২০১০ সালের সেপ্টেম্বরে ১২৫, ২০১১ সালের আগস্টে ১৯২, ২০১২ সালে জুলাই ও সেপ্টেম্বরে ১২০ ও ২০১৩ সালে মে মাসে ৮৭৯ মিলিমিটার। কলাপাড়া আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী জানান, বৃষ্টি মৌসুমে বরিশাল অঞ্চলে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে ৫১৯ মিলিমিটার।
দেখা যায়, এ বছর জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাস জেলায় কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে চলতি বছর দক্ষিণাঞ্চলে এপ্রিল-মে দুই মাস অস্বাভাবিক দাবদাহ বিরাজ করে। গত ৫০ বছরে এমন অস্বাভাবিক তাপমাত্রার রেকর্ড নেই এ অঞ্চলে। বরিশাল আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, বরিশালে গত ২০ ও ২২ এপ্রিল সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এপ্রিল ও মে এই দুই মাসে তাপমাত্রা ৩৪ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে ওঠানামা করে। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই সময়ে এই বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় পটুয়াখালীর কলাপড়া উপজেলায় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
খোঁজ নিয়ে জানা যায়, ১১ জুলাই থেকে উপকূলে অস্বাভাবিক উচ্চতার জোয়ার হয়। স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে আড়াই মিটার পর্যন্ত উচ্চতার এই জোয়ারে এবার জেলার ১২টি স্থানে প্রায় দুই কিলোমিটার বাঁধ বিলীন হয়। ঘূর্ণিঝড় সিডর, আইলা ও মহাসেনে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০০ কিলোমিটার বাঁধ এখনো মেরামত না হওয়ায় এসব বাঁধ দিয়ে প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয় ও ফসলি জমিতে।