অধিক খাদ্য উৎপাদনে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অল্প জমি থেকে অধিক পরিমাণ খাদ্যশস্য উৎপাদনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
শেখ হাসিনা বলেন, ‘কৃষি খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও কলকারখানা স্থাপনের কারণে দেশের কৃষিজমির পরিমাণ ক্রমেই হ্রাস পাচ্ছে। অন্যদিকে বিশ্বব্যাপী কৃষিপণ্যের চাহিদা বাড়ছে। সুতরাং এই দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অল্প জমি থেকে অধিক পরিমাণ খাদ্য উৎপাদন করতে হবে।’
আজ বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সের উদ্বোধনকালে শেখ হাসিনা এসব কথা বলেন। একই অনুষ্ঠান থেকে তিনি শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কৃষকরত্ন শেখ হাসিনা হল ও নবাব সিরাজউদ্দৌলা হল উদ্বোধন করেন।
কেআইবির সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কৃষিসচিব এস এম নজরুল ইসলাম ও কেআইবির মহাসচিব মোবারক আলী প্রমুখ। বাসস।