অধিক লাভের আশায় তামাক চাষ করে লোকসানে চাষিরা
ঝিনাইদহের সদর ও হরিণাকুণ্ডু উপজেলায় অধিক লাভের আশায় জমিতে তামাক চাষ করে চাষিরা বিপাকে পড়েছেন। তামাক প্রক্রিয়াজাত ও বিপণনের কাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠকর্মীরা কৃষকদের নানাভাবে তামাক চাষে উদ্বুদ্ধ করেছিলেন। কিন্তু ফসল ওঠার পরে তামাক কোম্পানির লোকজন কৃষকদের কাছ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী বেশি দাম দিয়ে তামাক ক্রয় করেননি। এ কারণে তামাক চাষ করে কৃষকদের এখন বিঘাপ্রতি ৮ থেকে ২০ হাজার টাকা লোকসান দিতে হচ্ছে। কৃষকেরা এ ধরনের প্রতারণার প্রতিবাদে বিভিন্ন রাস্তার মোড়ে গাছে কুশপুত্তলিকা ঝুলিয়ে রেখেছেন।ভুক্তভোগী চাষিদের অভিযোগ, মাঠকর্মীরা চাষিদের তামাক চাষে এই বলে প্রলুব্ধ করেছেন যে এক বিঘা জমিতে ধান বা অন্য ফসল চাষ করার চেয়ে তামাক চাষ করলে বেশি লাভ পাওয়া যায়। এক বিঘা জমিতে ধান চাষ করে ১৬ মণ ধান পাওয়া যায়। এই ধান বিক্রি করলে প্রায় ১০ হাজার টাকা পাওয়া যায়। কিন্তু এক বিঘা জমিতে চাষ করে তিন-চার শ কেজি তামাক পাওয়া যায়, আর এ তামাক বিক্রি করে ৬০ হাজার টাকা পাওয়া যায়। একই সঙ্গে মাঠকর্মীরা তামাক চাষের মৌসুমে কৃষকদের ঋণের বিপরীতে বীজ ও সার দিয়েও সহায়তা করেছেন। চাষিরা আরও অভিযোগ করেন, গত বছর তামাকচাষিরা তামাকের চাষ করে ভালো লাভ করেছিলেন। প্রতিষ্ঠানের মাঠকর্মীরাও আগ্রহ দেখিয়ে বেশি দামে তামাক কিনেছিলেন। এ কারণে চলতি বছর ঝিনাইদহে তামাক চাষ কয়েকগুণ বেড়ে যায়।জেলা কৃষি বিভাগের হিসাব অনুযায়ী গত মৌসুমে মাত্র ৮০০ হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছিল। এ বছর প্রায় দুই হাজার ৬০০ হেক্টর জমিতে চাষ হয়েছে।হরিণাকুণ্ডু উপজেলার দরিবিন্নি গ্রামের কৃষক পারভেজ মণ্ডল জানান, গত বছর প্রতিষ্ঠানের লোকজন সর্্বোচ্চ ১৩৫ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা কেজি দরে তামাক কিনেছিলেন। আর এ বছর তাঁরা সর্বোচ্চ ১২০ ও সর্বনিম্ন ৬৬ টাকা কেজি দরে তামাক কিনছেন। তাই এবার লাভের পরিবর্তে বিঘাপ্রতি তাঁদের ৮ থেকে ১০ হাজার টাকা লোকসান দিতে হচ্ছে। আর যাঁরা জমি বর্গা নিয়ে চাষ করেছেন তাঁরা ১৫ থেকে ২০ হাজার টাকা লোকসান দিচ্ছেন। ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটিসি) ঝিনাইদহের এরিয়া ম্যানেজার হেমায়েত হোসেন জানান, গত বছর তামাকের ঘাটতি থাকায় তাঁরা চাষিদের একটু বেশি সুযোগ-সুবিধা দিয়েছেন। গত বছর খারাপ তামাক, পানিমিশ্রিত তামাক বিক্রি করতে পারলেও এবার সেটা হচ্ছে না। এ কারণে চাষিরা ক্ষুব্ধ হচ্ছেন। চাষিদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হয়নি।