অধিক হারে ধান আদায় সেচপাম্প মালিকদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে সেচপাম্পের মালিকেরা সেচের বিনিময়ে কৃষকদের কাছ থেকে ইচ্ছামতো ধান বা টাকা আদায় করছেন। আর সংশ্লিষ্ট উপজেলা সেচ কমিটিগুলো সেচের মূল্য নির্ধারণ করে দেওয়ায় সেচপাম্পের মালিকেরা এই সুযোগ নিচ্ছেন বলে কৃষকদের অভিযোগ। এতে সাধারণ কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সেচ কমিটিগুলো গত বছর বোরো মৌসুমে বিদ্যুৎচালিত সেচপাম্পের (শ্যালো টিউবওয়েল) পানির মূল্য নির্ধারণ করে। নির্ধারিত মূল্য অনুযায়ী সেচ দেওয়া জমির পাঁচ ভাগের এক ভাগ ধান অথবা জমিভেদে শতাংশপ্রতি ২০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ টাকা নিতে পারবেন সেচপাম্পের মালিকেরা। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ইউনিয়ন পর্যায়ে কমিটি করে দেওয়া হয়। কিন্তু এই নির্দেশনা উপেক্ষা করে সেচপাম্পের মালিকেরা চার ভাগের এক ভাগ ধান নিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় ব্যক্তিমালিকানার প্রায় ৫৫ হাজার অগভীর নলকূপ আছে।শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের কৃষক আবদুল মান্নান বলেন, ‘তাঁর জমির ধান এখন কাটতে হবে। সেচপাম্পের মালিকের পাঁচ ভাগের এক ভাগ ধান নেওয়ার কথা। কিন্তু সিকি ভাগ ধান না দিলে তিনি ধান কাটতে নিষেধ করেছেন।’ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের কৃষক নজরুল আকন্দ জানান, তাঁদের এলাকায়ও একইভাবে সিকি ভাগ ধান জোরপূর্বক আদায় করা হয়েছে। তালগাছী গ্রামের সেচপাম্পের মালিক লতিফ বলেন, ‘আমার এলাকার জমি বালুমাটির হওয়ায় পানি বেশি লাগে, খরচও বেশি হয়। সে কারণে আমি নির্ধারিত হারের বেশি দাবি করছি।’ চান্দাইকোনার সেচপাম্পের মালিক রোকনুজ্জামান বলেন, তাঁরা শতাংশপ্রতি পানির দাম নিচ্ছেন ৩০ টাকা। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সেচ কমিটির সভাপতি রাসেল সাবরিন বলেন, কৃষক ও সেচপাম্পের মালিকদের সঙ্গে আলোচনা করে সেচের ওই মূল্য নির্ধারণ করা হয়েছে। অনেক সেচপাম্পের মালিক তা মানছেন না বলে কৃষকেরা অভিযোগ করেছেন। স্থানীয় কমিটিগুলোকে তা দেখার জন্য বলা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিচালক দুলাল চন্দ্র বলেন, সরকারিভাবে সেচের মূল্য নির্ধারণে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে গ্রামপর্যায়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটি দেখাশোনা করছে। এর পরও কেউ বেশি টাকা বা ধান আদায়ের ব্যাপারে উপজেলা কমিটির কাছে অভিযোগ করলে তাদের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া আছে।