অধিকতর তদন্ত করবে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে করা গাড়ি পোড়ানো ও ভাঙচুরের দুই মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মশিউর রহমান এ আদেশ দেন।
সীতাকুণ্ড থানায় ২০১০ সালে এই দুটি মামলা হয়। ২০১১ সালের নভেম্বর মাসে পুলিশের দেওয়া অভিযোগপত্রে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ আট আসামির নাম বাদ দেওয়া হয়। এর বিরুদ্ধে চলতি বছরের ১৫ জুন জেলা ও দায়রা জজ আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন রাষ্ট্রপক্ষ। ৩ সেপ্টেম্বর শুনানি শেষে এ বিষয়ে আদেশ অপেক্ষমাণ রেখেছিলেন আদালত।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম বলেন, অভিযোগপত্রের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নারাজি আবেদন জানিয়ে অধিকতর তদন্তের আবেদন করেন। একই সঙ্গে সিআইডিকে দিয়ে দুই মামলার তদন্তের আবেদন করা হয়। দুটি মামলাতেই সিআইডিকে দিয়ে অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন মুখ্য বিচারিক হাকিম।