অধিকতর তদন্ত চেয়ে হাইকোর্টে নজরুলের স্ত্রী
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অধিকতর তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। গতকাল রোববার এই আবেদনের ওপর আংশিক শুনানি হয়েছে। মঙ্গলবার আবার শুনানি হবে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সেলিনা ইসলামের আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী মন্টু ঘোষ।
গত ৮ এপ্রিল এই মামলায় র্যা বের সাবেক তিন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ায় ১১ মে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন সেলিনা ইসলাম। ৮ জুলাই নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ওই আবেদন খারিজ করে অভিযোগপত্র গ্রহণ করেন। সেলিনা ইসলাম নারাজি আবেদন পুনর্বিবেচনার আবেদন করলে ৯ নভেম্বর ওই আবেদনও খারিজ হয়। এরপর তিনি বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন।