অধিকতর তদন্ত প্রতিবেদন আটকে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে দেওয়া ক্রেস্টে সোনা জালিয়াতির ঘটনার অধিকতর তদন্ত প্রতিবেদন আটকে দেওয়া হয়েছে।
এই তদন্ত কমিটি প্রায় দুই বছর কাজ করার পর এখন আইন মন্ত্রণালয় তাদের পাঠানো মতামতে বলেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ বিষয়ে আগে যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, সেটাই চূড়ান্ত। এরপর অধিকতর তদন্ত কমিটির কোনো প্রতিবেদন দেওয়ার দরকার নেই।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, সংসদীয় কমিটির প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের মধ্যে তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের নাম নেই। তাজুল ইসলাম এই সংসদীয় কমিটির সভাপতি। এই সংসদীয় কমিটি তাঁর কাছেই এ প্রতিবেদন দিয়েছে। তাই এ ক্ষেত্রে স্বার্থের সংঘাতের (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) প্রশ্ন থেকেই যায়।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গঠিত প্রথম তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে তাজুল ইসলামসহ ১৩ জনকে দায়ী করে প্রতিবেদন দেয়। সংসদীয় কমিটির প্রতিবেদনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চার কর্মকর্তা ও কর্মচারীকে দায়ী করা হয় এবং ক্রেস্ট সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
জানতে চাইলে অধিকতর তদন্তের জন্য গঠিত কমিটির প্রধান ও বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল-মামুন প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন তৈরি। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে প্রতিবেদনটি জমা দিতে বারণ করা হয়েছে। বিষয়টি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আধা সরকারি পত্র দিয়ে জানিয়েছেন। তাঁদের তদন্তে কী বেরিয়ে এসেছে, জানতে চাইলে কমিটির প্রধান বলেন, ঢাকার তৎকালীন বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রধান করে দেওয়া প্রথম তদন্ত আর তাঁদের তদন্তের মধ্যে তেমন ফারাক নেই। তবে প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্বরত সচিবের ওপরই এসব ঘটনার দায় বর্তায়।
সংসদীয় কমিটির একজন সদস্য বলেন, মন্ত্রণালয়ের কাজকর্মে অনিয়মের গুরুতর অভিযোগ উঠলে সেটা তদন্ত করার এখতিয়ার সংসদীয় কমিটিকে দেওয়া আছে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে। যেহেতু সংসদ সদস্যরা জনগণের মাধ্যমে নির্বাচিত, তাই তাঁদের দাখিল করা তদন্ত প্রতিবেদন প্রজাতন্ত্রের কর্মকর্তাদের মাধ্যমে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন থেকে প্রাধান্য পাবে। এর জন্য অধিকতর তদন্তের প্রয়োজন আছে বলে মনে হয় না।
‘ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে ২০১৪ সালের ৬ এপ্রিল প্রথম আলোয় খবর প্রকাশিত হওয়ার পর প্রায় দুই বছরের বেশি সময় ধরে চলছে একাধিক তদন্ত। সে কারণে এই জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার কাজও থমকে আছে।
প্রথম তদন্ত কমিটি ক্রেস্টে জালিয়াতির জন্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীসহ ১৩ জন কর্মকর্তা এবং দুই সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করে প্রতিবেদন দেয়। তবে বিভাগীয় কমিশনার পর্যায়ের কর্মকর্তাকে দিয়ে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিযোগের তদন্ত করানো নিয়ে প্রশ্ন তোলা হয়।
এর পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের জন্য বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল-মামুনকে প্রধান করে গত বছর অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়। এখন ওই কমিটির প্রতিবেদনও আমলে নেওয়া হচ্ছে না। অধিকতর তদন্ত উপকমিটি গঠন করার পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ২০১৫ সালের ২৪ এপ্রিল আরেকটি প্রতিবেদন দেয়।
প্রতিবেদনে ক্রেস্ট তৈরির বিষয়ে অবহেলা ও অনিয়মের জন্য এবং ক্রেস্ট পরীক্ষার প্রতিবেদন গোপন করায় মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার, উপসচিব এনামুল কবির ও শাখা সহকারী আবুল কাসেমকে (ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা) দায়ী করা হয় এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
সংসদীয় কমিটি বলেছে, তারা এ ক্ষেত্রে তৎকালীন প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, তৎকালীন সচিব মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তাদের সম্পৃক্ততা পায়নি। এ বিষয়ে জানতে চাইলে সংসদীয় কমিটির তদন্তসংক্রান্ত উপকমিটির প্রধান আফছারুল আমীন বলেন, ‘তদন্তে যা এসেছে, আমরা তা-ই প্রতিবেদনে উল্লেখ করেছি।’
মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) করা পরীক্ষায় দেখা গেছে, প্রতিটি ক্রেস্টে ১ ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনা থাকার কথা থাকলেও ছিল মাত্র ২ দশমিক ৬৩ গ্রাম (সোয়া ৩ আনা)। ১ ভরির মধ্যে প্রায় ১২ আনাই নেই। আর রুপার জায়গায় ৩০ ভরি বা ৩৫১ গ্রাম পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু দেওয়া হয়েছে। বিদেশিদের সাত পর্বে ৩৩৮টি ক্রেস্ট দেওয়া হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, পুরো বিষয়টিতে সরকারের সদিচ্ছার অভাব লক্ষ করা গেছে। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার হিসেবে তাদের উচিত ছিল নিরপেক্ষ একটি তদন্ত কমিটি করে সেই প্রতিবেদন সবার সামনে পেশ করা। কিন্তু এ ক্ষেত্রে তা তো হয়ইনি, বরং ঘটনায় দায়ী ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে একরকম দায়সারা গোছের প্রতিবেদনকে আমলে নেওয়া হয়েছে।