অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই সপ্তাহ সময়
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে আরও দুই সপ্তাহ সময় দিলেন আদালত। গতকাল মঙ্গলবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলসংক্রান্ত শুনানির তারিখ ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তার সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করে ২ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন। সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিশেষ পিপি কিশোর কর প্রথম আলোকে জানান, এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর রিমান্ডে রয়েছেন। গত ১১ ফেব্রুয়ারি হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে বাবরকে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত ছয় দিন মঞ্জুর করেন। রিমান্ডের সময় জিজ্ঞাসাবাদ থেকে মামলার নতুন তথ্য উদ্ঘাটন হওয়ার কথা জানিয়ে সময় প্রার্থনা করা হয়। আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। মামলার অধিকতর তদন্তের জন্য সিআইডির হবিগঞ্জ অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে গতকাল পর্যন্ত এই নিয়ে ২৪ বার সময় প্রার্থনা করা হয়েছে।