অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে আরও সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের তারিখ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। গতকাল রোববার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলসংক্রান্ত শুনানির তারিখ ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তা অধিকতর তদন্ত সম্পন্ন করতে আরও সময় প্রার্থনা করলে বিচারক মুহাম্মদ মাহবুব-উল ইসলাম তা মঞ্জুর করে ২০ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন।অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে এই নিয়ে ৩২ বার সময় প্রার্থনা প্রসঙ্গে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর প্রথম আলোকে বলেন, ‘অধিকতর তদন্ত হচ্ছে সর্বশেষ পর্যায়ের তদন্ত। এরপর যাতে আর কোনো ফাঁক-ফোকর না থাকে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে তদন্ত কর্মকর্তা সময় প্রার্থনা করছেন। তদন্ত কর্মকর্তার তদন্তে রাষ্ট্রপক্ষের আস্থা থাকলে এভাবে সময় চাইতে পারেন। আদালত প্রকৃত ঘটনা উন্মোচন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে সময় বর্ধিত করছেন।’ উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হবিগঞ্জ থানায় মামলা করেন। ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর উচ্চ আদালতে বাদীপক্ষের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারকাজ স্থগিত করে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়। মামলার অধিকতর তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সিলেট অঞ্চলের জ্যেষ্ঠ পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।