পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও এক মাস বাড়ল। এ নিয়ে অধিকতর তদন্ত দাখিলের সময় বাড়ল আটবার।
গতকাল বৃহস্পতিবার রাঙামাটির আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারিক হাকিম মো. শামসুল আলম আগামী ৭ এপ্রিল কল্পনা চাকমার অপহরণ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।
অপরদিকে কল্পনা চাকমার দুই বড় ভাইয়ের ডিএনএ নমুনা সংগ্রহে দেওয়া আদেশ প্রত্যাহারের আবেদন নামঞ্জুর করেছেন একই আদালত। পুলিশ সুপারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত বছরের ২২ ডিসেম্বর তাঁদের ডিএনএ সংগ্রহের অনুমতি দেন। এ আদেশ প্রত্যাহার চেয়ে গতকাল কালিন্দী কুমার আদালতে আবেদন করেছিলেন।
ডিএনএ নমুনা সংগ্রহের আদেশ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যতে কল্পনা চাকমাকে পাওয়া গেলে অবশ্যই আমরা ডিএনএ নমুনা দিতে প্রস্তুত। কিন্তু এ মুহূর্তে তার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না।’
১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহূত হন।
কল্পনা চাকমা অপহরণ মামলার বাদীপক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান বলেন, ‘আদালত গত বছরের ১৬ জানুয়ারি রাঙামাটির পুলিশ সুপারকে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। এর পর থেকে পুলিশ সুপারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের আদেশ দাখিলের সময় আটবার বাড়ালেন।’