মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার অধিকতর তদন্ত প্রতিবেদন দেয়নি সিআইডি। আদালত আগামী ১৪ মে সিআইডিকে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম এ আদেশ দেন। ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
গতকাল এই অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সিআইডি প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ ফেব্রুয়ারি আদালত অধিকতর তদন্তের আদেশ দেন। এরপর সিআইডি কয়েক দফায় সময় চেয়ে আবেদন করে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ (জিওসি) ছিলেন আবুল মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে মঞ্জুরকে আটক করে পুলিশ।
এরপর ওই বছরের ২ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশের হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন ও মৃত্যুসনদ পাওয়ার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এ মামলাটি করেন। ১৯৯৫ সালের ২৭ জুন এ মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।