ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মে দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মাহাবুবুর রহমান এ তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলাটির অধিকতর তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১-এর সহকারী পরিচালক কাজেমুর রশিদ ২০১৪ সালের ১৫ এপ্রিল ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। বাদীপক্ষ তা প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করলে ওই বছরের ৯ জুন আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
২০১৩ সালের ২৯ জুলাই মধ্যরাতে গুলশানে একটি বিপণিবিতানের সামনে রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। জাহিদ গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।