মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন আগামী ১২ মার্চ দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল বৃহস্পতিবার সময়ের আবেদন জানালে আদালত এই দিন ধার্য করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম এ আদেশ দেন।
গতকাল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। গত বছরের ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সিআইডিকে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মেজর জেনারেল মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে মঞ্জুরকে আটক করে পুলিশ। ২ জুন তাঁকে পুলিশি হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে হত্যা করা হয়।
১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এই হত্যা মামলা হয়। ওই বছরের ২৭ জুন সিআইডি তদন্ত করে সাবেক রাষ্ট্রপতি এরশাদসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।