নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে দুই সংবাদকর্মীকে মারধরের ঘটনা তদন্তে গঠিত কমিটির শুনানিতে হাজির হননি অভিযুক্ত উপসচিব আবদুল বারী। অভিযুক্ত অন্য কর্মকর্তা-কর্মচারীরা শুনানিতে উপস্থিত হলেও তাঁরা দায় স্বীকার করেননি।
তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে বিষয়টি অধিকতর তদন্তের জন্য উচ্চতর কমিটি গঠনের সুপারিশ করেছে। তদন্ত কমিটি গত সোমবার এ-সংক্রান্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের উপপ্রকল্প পরিচালক আবদুল বারীকে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁকে নিবন্ধন বিভাগ থেকে প্রত্যাহার করে নিতে কমিশন সচিবালয় গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল। তবে বদলির আদেশ পাওয়ার আগে গতকাল তিনি নিবন্ধন বিভাগে প্রকল্প-সম্পর্কিত একটি বৈঠকে অংশ নেন।
কমিশন সূত্র বলেছে, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আবদুল বারীকে তদন্ত কমিটির শুনানিতে উপস্থিত হতে নির্দিষ্ট দিনে গাড়ি পাঠালেও তিনি আসেননি। কমিটি মোট তিন দিন ঘটনা সম্পর্কে বিভিন্নজনের বক্তব্য নিয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি প্রতিবেদনটি এখনো দেখেননি।
১৯ আগস্ট জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে পেশাগত দায়িত্ব পালনের সময়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক জি এম মোস্তাফিজুল আলম ও ক্যামেরা পারসন রিপু আহমেদকে সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা মারধর করেন। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছিল নির্বাচন কমিশন।