শেয়ারবাজার কারসাজির ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলটি মনে করে, খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদন দোষীদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়। এর জন্য অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন।শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলা হয়।পূর্বঘোষিত এই কর্মসূচি রাজধানীর মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সেখানে সভা-সমাবেশ অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিলে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশের আগে গতকাল সকালে সারা দেশে জেলা প্রশাসকদের কাছে একই দাবিতে স্মারকলিপি দিয়েছে স্থানীয় জেলা বিএনপি। বেশির ভাগ জেলায় সমাবেশ হয়েছে। তবে কোথাও কোথাও কর্মসূচি পালনে দলটি বাধার সম্মুখীন হয়েছে বলে কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে। নয়াপল্টনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, তা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট নয়। তিনি অধিকতর তদন্তের জন্য কমিশন গঠনেরও দাবি জানান। স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, তদন্ত প্রতিবেদনে এক মন্ত্রীর পুত্রবধূর নাম এসেছে। বিএনপি ক্ষমতায় গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সমাবেশের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান সংশোধন করতে হলে সংসদ ভেঙে দিয়ে সাংবিধানিক পরিষদ গঠন করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া না হলে সেই সংশোধনী বিএনপি মানবে না।