আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তিনটি সংগঠন। এ দাবিতে আগামীকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব ও জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও সংহতি আলোচনার ঘোষণা দিয়েছে তারা।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে হিল উইমেন্স ফেডারেশন, সাজেক নারী সমাজ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হন।
গত ২৭ মে রাঙামাটি জেলা জজ আদালতের বিচারিক হাকিম মোহসিনুল হক ১৬ জুন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী বলছেন, ২০১৩ সালের ১৬ জানুয়ারি আদালত কর্তৃক মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশের পর থেকে মোট ২২ বারের মতো সময় বৃদ্ধি করা হয়েছে।
তদন্তের নামে সময়ক্ষেপণের অভিযোগ এনে গতকালের সংবাদ সম্মেলনে হিল উইমেন্স ফেডারেশনের বর্তমান সভাপতি নিরূপা চাকমা বলেন, তদন্ত প্রতিবেদন নিয়ে নানা টালবাহানা ও ষড়যন্ত্রের প্রতিবাদ এবং চিহ্নিত ব্যক্তিদের শাস্তির দাবিতে আগামীকাল বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি আলোচনার আয়োজন রয়েছে।